পরিত্যক্ত ড্রামের বিস্ফোরণে শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই চত্বর এলাকার একটি ঝালাই কারখানায় গত রোববার বিকেলে পেট্রলের পরিত্যক্ত ড্রামের বিস্ফোরণে আবদুল করিম (২২) নামে এক শ্রমিক আহত হয়েছেন। করিমের বাড়ি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মনির মিয়ার ঝালাই কারখানায় করিম একটি পেট্রলের পরিত্যক্ত ড্রামের ঢাকনা বৈদ্যুতিক যন্ত্র দিয়ে কাটছিলেন। এ সময় বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। এতে করিমের বাঁ পায়ের নিচের অংশ উড়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।