পরিত্যক্ত দেখিয়ে স্কুলভবন বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে পরিত্যক্ত দেখিয়ে নিলামে বিক্রি করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে নিলামের দিনক্ষণ সম্পর্কে কিছু জানা যায়নি। ঈদের ছুটির মধ্যে নিলাম গ্রহীতা ভবনটি ভাঙতে গেলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে ফিরে আসেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে আলগী ইউনিয়নের সুলনা প্রাথমিক বিদ্যালয়ের তিন কক্ষের একটি পরিত্যক্ত আধা পাকা ভবন ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। ভবনটি কেনেন মো. আসলাম নামের এক ঠিকাদার। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মিয়া জানান, ১৯৬৮ সালে স্থাপিত এ বিদ্যালয়ে ৬৩১ জন শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষক আছেন ছয়জন। বিদ্যালয়ে একটি পাকা ভবনে দুটি ও আধা পাকা ভবনে তিনটি কক্ষ রয়েছে। সব কটি কক্ষই বিদ্যালয়ের কাজে ব্যবহূত হচ্ছে। ১৯৭৮ সালে নির্মিত আধা পাকা ভবনটি ভেঙে ফেলা হলে পাঠদানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি বলেন, ‘কে কবে কোথায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে এবং কীভাবে নিলাম হলো, সে বিষয়ে আমরা কিছুই জানি না।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কাউকে না জানিয়ে, পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে গোপনে ভবনটি বিক্রি করা হয়েছে। ঘটনাটা খুবই রহস্যজনক। আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাওছার ভূঁইয়া বলেন, ‘ভবনটির অবস্থা এখনো খুব ভালো। আর নিলামের ব্যাপারে আমি কিছুই জানি না।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুধীন কুমার সরকার বলেন, ‘আমি উপজেলা শিক্ষা কমিটির সদস্য। অথচ ওই নিলামের বিষয়টি কিছুই জানি না। কার স্বার্থে ভবনটি নামমাত্র মূল্যে নিলামে বিক্রি করা হয়েছে, তা আমার কাছে বোধগম্য নয়।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান জানান, নিলাম কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। ইউএনও গাজী আসাদুজ্জামান কবির বলেন, ‘ভবন নিলামের ব্যাপারে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তা ছাড়া নিলামের আগে মাইকিং করা হয়েছে।’ পত্রিকায় বিজ্ঞাপন না দেওয়া প্রসঙ্গে ইউএনও বলেন, দুটি পত্রিকায় বিজ্ঞাপন দিতে গেলে দেখা যেত ১০ হাজার টাকার ভবনের জন্য বিজ্ঞাপন খরচই ১৫ হাজার টাকা লেগে গেছে। তাই দেওয়া হয়নি। তবে প্রয়োজনে নিলাম বাতিল করা হতে পারে বলে ইউএনও জানান।