পরিত্যক্ত নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে সাজিউড়া-ছনভিটা সড়কের বানিয়াতি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কেন্দুয়ার সাজিউড়া-ছনভিটা সড়কের বানিয়াতি এলাকায় আবর্জনাযুক্ত স্থানে একটি শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। সেই কান্না শুনে বানিয়াগাতি গ্রামের মীনা আক্তার (৩৮) এগিয়ে গিয়ে এক নবজাতককে দেখতে পান। তিনি নবজাতককে তাঁর বাড়ি নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে সকাল সাড়ে সাতটার দিকে কেন্দুয়া থানা-পুলিশ মীনা আক্তারের বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মীনা আক্তার ভোরে ফজরের নামাজে জন্য বাড়িসংলগ্ন রাস্তার পাশে টিউবওয়েলে অজু করতে যান। এ সময় তিনি শিশুর কান্না শুনতে পান। পরে এগিয়ে ওই নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে গিয়ে নাড়ি কাটান। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মীনা আক্তার বলেন, ‘ভোরে কান্না শুনে এগিয়ে গিয়ে নবজাতকটিকে দেখতে পাই। পরে তুলে আনি। আমি শিশুটিকে লালন-পালন করতে চাই।’

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুজ্জামান বলেন, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।