পরিত্যক্ত ফেরি মাদকসেবীদের আড্ডাখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল ফেরিঘাটের অব্যবহূত দুটি ফেরি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আট বছর আগে শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মাছিমদিয়া এলাকায় চিত্রা সেতু নির্মিত হওয়ায় যানবাহন পারাপারের ক্ষেত্রে এ ঘাটের গুরুত্ব কমে গেছে। ফেরি দুটি তখন থেকেই ফেরিঘাটে পড়ে থেকে নষ্ট হচ্ছে। চুরি হয়ে যাচ্ছে এগুলোর মূল্যবান যন্ত্রাংশ। গতকাল রোববার শহরের ফেরিঘাট এলাকায় সরেজমিনে দেখা গেছে, ফেরি পারাপারব্যবস্থা না থাকলেও নৌকায় করে এ ঘাট দিয়েই প্রতিদিন চিত্রা নদী পার হন কয়েক হাজার মানুষ। ঘাটের উত্তর পাড়ে অব্যবহূত ফেরি দুটি অর্ধেক ডুবে আছে। ফলে এ ঘাট দিয়ে নৌকায় ওঠানামা করতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘাটের ইজারাদার খোকন দাস জানান, চিত্রা সেতু নির্মিত হওয়ায় এই ঘাট দিয়ে এখন কোনো যানবাহন পারাপার হয় না। তবে এ ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এবং প্রচুর পণ্য আনা-নেওয়া করা হয়। কিন্তু ফেরি দুটির কারণে যাত্রীদের নৌকায় ওঠানামা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগকে বেশ কয়েকবার বলা সত্ত্বেও ফেরি দুটি সরিয়ে নিচ্ছে না। সন্ধ্যা নামলেই ফেরির ওপর মাদকসেবীদের আড্ডা বসে। ফেরির যন্ত্রাংশও চুরি হয়ে যাচ্ছে।চাকরিজীবী কাওছার আহম্মেদ জানান, খুব কম সময়ে যাতায়াতে এই ঘাটের বিকল্প নেই। কিন্তু ফেরি দুটির কারণে সহজে নৌকায় ওঠানামা করা যায় না। নৌকার মাঝি মোহাম্মদ হোসেন বলেন, ‘ফেরি দুডো (দুটি) বছরের পর বছর পড়ে থায়ার (থাকার) জন্যি আমাগে কাজে মেলা অসুবিধে হচ্ছে। আর সন্ধ্যে লাগলি এর পরে গাঁজা-মদের আসর বসে।’সড়ক ও জনপথ বিভাগ, নড়াইলের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘আমি অল্প কিছুদিন ধরে এখানে যোগ দিয়েছি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’