পরিত্যক্ত ভবন ও গাছতলায় পাঠদান
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দুই বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর পরও ওই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছতলায়ও পাঠদান চলছে। এ কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকার কয়েকজন বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৩ সালের শুরুর দিকে বিদ্যালয়ের একমাত্র ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু এখন পর্যন্ত ভবনটির সংস্কার বা বিদ্যালয়ের নতুন কোনো ভবন নির্মাণ করা হয়নি। এ জন্য বিদ্যালয়ের ২২৪ জন শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ ওই ভবন ও বিদ্যালয়ের মাঠের গাছতলায় পাঠদান করা হচ্ছে। তবে বৃষ্টি ও তীব্র রোদের সময় ওই ভবনে পাঠদান চলে। অন্য সময় গাছতলায় পাঠদান চলে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্র জানায়, জরাজীর্ণ ভবনে ক্লাস করতে তাদের খুব ভয় হয়। তবে রিয়া আক্তার নামের এক ছাত্রীর বাবা রজব আলী জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ভবন না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান করা যাচ্ছে না। আকাশে সামান্য মেঘ দেখলেই বিদ্যালয় ছুটি দিতে হয়। এ ছাড়া ভবন ঝুঁকিপূর্ণ থাকায় অধিকাংশ সময়ই গাছতলায় পাঠদান চলে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শরীফ মাহমুদ জানান, জরাজীর্ণ এ ভবনটি দুই বছর আগেই এলজিইডি থেকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভবন না থাকায় সেখানেই ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ের এ ভবনটি সংস্কার করা ছাড়াও নতুন একটি ভবন নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান প্রথম আলোকে জানান, ওই বিদ্যালয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।