ব্যবহারের উপযোগী ভবন না থাকায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। স্কুলটির একটি ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক ছাবের আলী বলেন, বিদ্যালয়ের নানা সমস্যা উল্লেখ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, বনগাঁও গ্রামে ১৯৮৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪-৯৫ অর্থবছরে চার কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালে ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। ২০১৩ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই বছর শিক্ষক ও এলাকাবাসীর সহায়তায় পাশেই একটি টিনের চালা তৈরি করে সেখানে পাঠদানের ব্যবস্থা করা হয়। গত বছরের ১৩ এপ্রিল ঝড়ে সেই ঘরটিও ভেঙে যায়। এরপর থেকে সেখানে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ১৬১ জন। শিক্ষক চারজন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, বিদ্যালয়টিতে ভবন ছাড়াও বেঞ্চ, ব্ল্যাকবোর্ড ও চেয়ারের সংকট রয়েছে। টিউবওয়েল নষ্ট থাকায় মোটরের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিদ্যুতের ব্যবস্থা না থাকায় সেটি চালু করা যাচ্ছে না। দুটি শৌচাগার থাকলেও তা ভেঙে গেছে। নেই শিক্ষকদের বসার ব্যবস্থা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, বিদ্যালয়টির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এতে টিনের ঘরটি মেরামত করা হবে। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পুরোনো ভবনটিতে বড় বড় ফাটল। কয়েকটি অংশে দেয়াল ভেঙে ইট সরিয়ে নেওয়া হয়েছে। শৌচাগার দুটি সম্পূর্ণ অকেজো। খোলা মাঠে পাঠদান চলছে। পাশেই টিনের চালা ঘরটি হেলে রয়েছে। সেটাতে বেড়া নেই।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রমিয়া খাতুন জানায়, ‘বাইরে ক্লাস হওয়ায় বৃষ্টি হলেই স্কুল ছুটি হয়। তখন আমরা ভিজে ভিজে বাড়ি চলে যাই। শীতকালেও কষ্ট পাই। আমরা নতুন ভবন চাই। সারা বছর লেখাপড়া করতে চাই।’
শিক্ষক খায়রুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি নানা দিক থেকে অবহেলিত। তবু পাসের হার শতভাগ। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৮ জনের মধ্যে নয়জন জিপিএ-৫ পেয়েছে। আমরা একটা নতুন ভবন চাই।’