পরিত্যক্ত ভবন, ঝুঁকিপূর্ণ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। চার বছর আগে এটি পরিত্যক্তও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কিন্তু বিকল্প না থাকায় এই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এই জীর্ণশীর্ণ অবস্থা লক্ষ্মীপুরের রায়পুর কৃষি সম্প্রসারণ কার্যালয় ভবনের। প্রায় ৫০ বছর আগে নির্মিত ভবনটি দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। উপজেলা প্রশাসন ভবনের বিষয়ে একাধিকবার কৃষি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে চিঠি পাঠিয়েছে। কিন্তু এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এটি ১৯৬৫ সালে নির্মাণ করা হয়েছে। একতলা ভবনটিতে চারটি কক্ষ আছে। প্রতিদিন এ কার্যালয়ে শতাধিক কৃষক আসা-যাওয়া করেন। বামনী গ্রামের কৃষক মানিক মিয়া জানান, গত জুলাই মাসে তিনি কৃষি কার্যালয়ে আসেন। কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে দুজন কথা বলছিলেন। এমন সময় এক টুকরো পলেস্তারা খসে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, ছাদের বেশির ভাগ পলেস্তারা খসে পড়েছে। এ কারণে রড বেরিয়ে গেছে। এ অবস্থায় কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা ওই কার্যালয়ের পাশে প্রশিক্ষণ সেন্টারে বসে অফিস করছেন। বাকি ছয়জন কর্মকর্তা-কর্মচারী এখনো ওই ঝুঁকিপূর্ণ ভবনে দাপ্তরিক কাজ করছেন। এ ছাড়া দরজা-জানালা ও লোহার গ্রিলগুলোর অধিকাংশই নষ্ট হয়ে গেছে।