পরিত্যক্ত ভবন সংস্কারে টাকা অপচয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে উন্নয়ন তহবিলের টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। পরিত্যক্ত ভবন সংস্কারের নামে তিনি প্রায় সোয়া দুই লাখ টাকা অপচয় করেছেন বলে জানা গেছে।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২ জুলাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অধ্যক্ষের বাসভবন ‘নীহারিকা’কে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে। ২০১৪ সালের ২ জুলাই এ এস এম আবদুল ওহাব এ কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন।

নিয়ম অনুযায়ী, একজন অধ্যক্ষ একটি বাসা বরাদ্দ পান। তাঁর নামে ঢাকায় একটি বাসা বরাদ্দ আছে। দুই মাস ধরে অধ্যক্ষ পরিত্যক্ত ওই ভবনের একটি কক্ষ মেরামত করতে কলেজের উন্নয়ন তহবিলের প্রায় সোয়া দুই লাখ টাকা খরচ করেন।

কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তাঁদের কাছ থেকে নেওয়া টাকা এভাবে নয়ছয় করার এখতিয়ার অধ্যক্ষের নেই। এ টাকা শিক্ষার্থীদের কল্যাণেই ব্যবহার করার বিধান রয়েছে।

কুমিল্লার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, এ ভবন সংস্কারের কোনো সুযোগ নেই। এটা অর্থ অপচয় ছাড়া আর কিছু নয়।

অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব বলেন, থাকার জন্য ভবনের একটি কক্ষ সংস্কার করা হচ্ছে। এ জন্য সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। তবে পরিত্যক্ত ভবন সংস্কারের নামে কলেজের উন্নয়ন তহবিলের টাকা অপচয় করলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।