পরিত্যক্ত ভবন সংস্কারের নামে পরিহাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলেস্তারা খসে পড়া ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ২২ বছর আগে। তবু সেখানেই চলছে রাজশাহীর বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। এখন সেই ভবনেরই সংস্কারকাজ চলছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
পলেস্তারা খসে পড়া ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ২২ বছর আগে। তবু সেখানেই চলছে রাজশাহীর বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। এখন সেই ভবনেরই সংস্কারকাজ চলছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

একটি সিলিং ফ্যানের দাম ৪০০ টাকা। এই দর দিয়েই রাজশাহীর বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সংস্কারের কাজ পেয়েছেন ঠিকাদার। কার্যালয়টি ২২ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এটি একটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন। নিজস্ব ভবন না থাকায় বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়টি এখানেই চলছে। এতে থানা শিক্ষা কর্মকর্তা ও সহকারী থানা শিক্ষা কর্মকর্তাসহ আটজন কর্মকর্তা-কর্মচারী বসেন। তিন কক্ষবিশিষ্ট এই ভবনটি সম্প্রতি অতি জরাজীর্ণ হয়ে পড়ায় এর সংস্কার করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে ঠিকাদারের দরপত্র দেখে পরিত্যক্ত ভবনের সংস্কারের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শুরু থেকেই বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার নিজস্ব কোনো কার্যালয় নেই। ভাড়া বাসায়, তারপর অন্য একটি বিদ্যালয় ভবনে থাকার পর ১৯৯৩ সালে কার্যালয়টি নগরের হেলেনাবাদ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত এই ভবনে স্থানান্তর করা হয়। সম্প্রতি ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে।
গত ২৯ ডিসেম্বর ভবনটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫ লাখ ২৫ হাজার ৭৮৪ টাকা। এই কাজের জন্য পাঁচটি দরপত্র বিক্রি করা হয়। এর মধ্যে চারটি দরপত্র জমা পড়ে। ‘মেসার্স কলি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পায়। তাদের দর ছিল ৩ লাখ ৩৫ হাজার ৫৯৪ টাকা। কাজের মধ্যে রয়েছে দেয়ালের পলেস্তারা খসে যাওয়া অংশের প্লাস্টার ও রং করা, বৈদ্যুতিক ও স্যানিটারি সরঞ্জাম লাগানোসহ ৩৯ ধরনের কাজ।
এই দরপত্রে দেখা যায়, ঠিকাদার একটি সিলিং ফ্যানের দর দিয়েছেন মাত্র ৪০০ টাকা। কিন্তু কাজের প্রকৃত প্রাক্কলনে ফ্যানের দর দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ টাকা করে। ইতিমধ্যে ঠিকাদার ভবনের সংস্কারকাজ শুরু করে দিয়েছেন। যদিও ফ্যান সরবরাহ করতে হবে দুটি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সর্বনিম্ন দর দিয়ে কাজ পাওয়ার জন্য ঠিকাদার ফ্যানের মতো করেই অন্যান্য কাজের দর দিয়েছেন।
মাত্র ৪০০ টাকায় কীভাবে সিলিং ফ্যান সরবরাহ করবেন—জানতে চাইলে মেসার্স কলি এন্টারপ্রাইজের মালিক লোকমান খান বলেন, অনলাইনে দরপত্রের ফরম পূরণ করতে গিয়ে ভুলবশত দরটি দেওয়া হয়েছে। এখন বাজারে একটি ভালো ফ্যান যে দামে পাওয়া যায়, তিনি সেই দামের ফ্যান সরবরাহ করবেন। এ জন্য তাঁর এই কাজে লোকসান হবে। এভাবেই তাঁদের কাজ করতে হয়। কোনোটাতে লোকসান হয়, কোনোটায় লাভ হয়।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিলেও আবার আরেক ‘রিপোর্ট’ হতো যে অনিয়ম করে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে অন্যজনকে কাজ দেওয়া হয়েছে। দুই দিকেই সমস্যা। তিনি বলেন, দর যা-ই থাক, এখন তাঁরা ঠিকাদারের কাছ থেকে উপযুক্ত কাজ বুঝে নেবেন। বাজারে যে দামে মানসম্মত ফ্যান পাওয়া যায়, সেই ফ্যান কিনে নেবেন। অন্যান্য কাজও তাঁরা সেভাবে তদারকি করবেন।
বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ বলেন, দরপত্রে কী আছে তাঁদের দেখার বিষয় না। তাঁরা কাজটা যতটুকু সম্ভব বুঝে নেওয়ার চেষ্টা করছেন।
রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম বলেন, আসলে ২২ বছর আগে পরিত্যক্ত ঘোষিত একটি ভবনের আর ভার বহনের মতো শক্তি থাকার কথা নয়। আর ঠিকাদার যদি দরপত্রে ঘোষিত দর অনুযায়ী কাজ করেন, তাহলে বরং হিতে বিপরীতই হতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার একটি নিজস্ব ভবন থাকা উচিত। এদিকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজর দেওয়া উচিত।