পরিত্যক্ত ভবন হয়ে গেল ক্লাব, পেল টিআরের গম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের গম ও টাকা আত্মসাৎ করা হয়েছে। পাঁচবিবির পৌর মেয়র ক্ষমতার অপব্যবহার ও সরকারি নিয়মনীতি উপেক্ষা করে গম ও টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের কাছে পৌরসভার এক কাউন্সিলরের পাঠানো লিখিত এক অভিযোগ থেকে এ তথ্য জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচবিবির পৌর মেয়র শামছুল আলম গত ১৪ মে ৩৪ দশমিক ৫৮২ মেট্রিক টন গম বরাদ্দ পান। এ নিয়ে তিনি কাউন্সিলরদের সঙ্গে কোনো বৈঠক বা রেজ্যুলেশন না করেই ইচ্ছামতো ২২টি প্রকল্প তৈরি করেন। প্রকল্পগুলোর মধ্যে নিবন্ধনহীন পাঁচটি ক্লাব, দুটি কবরস্থানের মধ্যে একটি ব্যক্তিগত কবরস্থান, একটি মক্তব, একটি বিদ্যালয়, একটি শ্মশান ও কয়েকটি মসজিদ-মাদ্রাসা রয়েছে। সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে প্রকল্পগুলোর ডিও লেটারে মেয়র নিজেই স্বাক্ষর করেন এবং পছন্দমতো প্রকল্প-চেয়ারম্যান নির্বাচন করে গম উত্তোলন করেন। পরে গমগুলো বাজারে বিক্রি করে আংশিক টাকা প্রকল্পের সভাপতিকে দেন এবং বাকি টাকা আত্মসাৎ করেন। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে কোনো কাজ হয়নি। উল্লিখিত প্রকল্পগুলোর কাজ ৩০ জুন থেকে ৩০ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা। ৮ নম্বর প্রকল্প মালঞ্চা যুব উন্নয়ন ক্লাবে গিয়ে দেখা গেছে, ক্লাবের নিজস্ব কোনো জায়গা নেই। অন্যের জায়গায় সাইন বোর্ডহীন একটি চাটাইয়ের ঘর আছে। এ ঘরটিকে তাঁরা ক্লাবের ঘর দেখান। প্রকল্পের টাকায় তাঁরা টিভি ও আসবাব কিনেছেন বলে দাবি করেন ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ। তিনি জানান, প্রতিটি ক্লাবের জন্য দুই টন করে গম বরাদ্দ দেওয়া হয়েছে। বৈশাখী বর্ষবরণ ক্লাবে গিয়ে একই দৃশ্য দেখা যায়। প্রকল্পের টাকায় কোনো কাজ হয়নি। ক্লাব ও প্রকল্পের সভাপতি আজাদ বাবু দাবি করেন, বরাদ্দ করা দুই টন গম বাবদ তাঁদের ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ টাকায় তাঁরা আসবাব কিনেছেন। আসবাব দেখতে চাইলে তাঁরা দেখাতে পারেননি। রাধাবাড়ী মৌচাক ক্লাবে গিয়ে একটি পরিত্যক্ত, জরাজীর্ণ, চালাবিহীন জঙ্গলাকীর্ণ ঘর দেখা যায়। স্থানীয় লোকজন জানান, এটি আঁখ চাষি সমবায় সমিতির পরিত্যক্ত ঘর। এই ঘরকে মৌচাক ক্লাব দেখিয়ে টিআরের টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘরে আদৌ কেউ আসে না বা আসার পরিবেশ নেই। অন্যান্য প্রকল্প মসজিদ, মন্দির, মক্তব ও স্কুলগুলোয় বরাদ্দ করা প্রতিটন গমের বদলে নগদ সাড়ে ১২ থেকে ১৩ হাজার, কোথাও তারও কম টাকা দেওয়া হয়েছে। গোপালপুর হাফেজিয়া মাদ্রাসা, পশ্চিম বালিঘাটা সৈয়দ নূর উদ্দিন দরগা শরিফ হাফেজিয়া মাদ্রাসা ও দমদমা শ্মশানে সংস্কারকাজ শুরুর আগে টাকা উত্তোলন করা হলেও এখন পর্যন্ত কাজ সমাপ্ত হয়নি। অন্য কোথাও টিআরের কাজ শুরু হয়নি। এ প্রসঙ্গে পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম জানান, টিআর কর্মসূচি বাস্তবায়ন ২০০৯-এর পরিপত্রে উল্লেখ আছে, উপজেলা ও পৌরসভার ক্ষেত্রে ইউএনও ডিও লেটার প্রদান করবেন। এ ক্ষেত্রে পাঁচবিবির পৌর মেয়র সরকারি বিধি লঙ্ঘন করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, পৌরসভার টিআরের কাজে সরকারি পরিপত্র ও বিধি-বিধান মানা হয়নি। পৌর মেয়র শামছুল আলম প্রথম আলোকে বলেন, টিআরে দুর্নীতির প্রশ্নই আসে না। সামনে নির্বাচন, বিরোধী পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।