পরিত্যক্ত ভবনে আইন ব্যবসা
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন একটি সরকারি ভবনকে ১৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। দুই বছর ধরে সেই ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় কমপক্ষে ২০ জন আইনজীবী তাঁদের কার্যালয় খুলে ব্যবসা চালাচ্ছেন।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের একটি একতলা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। এরপর ওই ভবন থেকে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তখন ভবনটির দেয়ালে পরিত্যক্ত লেখা সাইনবোর্ডও লাগানো হয়। কিন্তু দুই বছর ধরে আইনজীবীরা সেই পরিত্যক্ত ভবনের বারান্দায় কার্যালয় খুলে ব্যবসা করে যাচ্ছেন। এতে যেকোনো সময় সেখানে দুর্ঘটনা ঘটতে পারে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত ভবনের ছাদে বিভিন্ন ধরনের গাছ জন্মেছে। ভবনটি তালাবদ্ধ। কিন্তু ভবনের বারান্দায় চেয়ার-টেবিল পেতে বসে কার্যক্রম চালাচ্ছেন কমপক্ষে ২০ জন আইনজীবী। আইনজীবীরা যেখানে বসেছেন, সে অংশের বারান্দার ছাদে বেশ কিছু ফাটল রয়েছে। বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়ে। এ জন্য মাথার ওপর পলিথিন টানানো হয়েছে।
পরিত্যক্ত ভবনে বসা দুজন আইনজীবী ও তাঁদের কয়েকজন সহকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় বছর আগে আইনজীবী সমিতির ভবনটি নতুন করে নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়। তখন থেকেই আইনজীবীদের বসার জায়গার সংকট তৈরি হয়। বর্তমানে ময়মনসিংহ আদালতে আইন ব্যবসা করছেন প্রায় এক হাজার আইনজীবী। কিন্তু তাঁদের সবার স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়েই এখানে বসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন, ‘ভবনটা পরিত্যক্ত বলে সামান্য ঝুঁকি তো আছেই। তারপরও বারান্দা বলে আমার কাছে খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় না।’
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল আহাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে মন্তব্য না করে গণপূর্ত বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী হাকিম বলেন, ‘বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পরিত্যক্ত ভবন থেকে আইনজীবীদের উচ্ছেদ করা হয়েছে। উনারা (আইনজীবীরা) সম্মানিত লোক, তাঁদের বিরুদ্ধে এর বেশি ব্যবস্থা নেওয়া হয় না।
ময়মনসিংহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মো. নুরুল হক বলেন, ‘দুর্ঘটনার আশঙ্কায় পরিত্যক্ত ভবনে না বসার জন্য আমি প্রত্যেককে (আইনজীবী) ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি।’