পরিত্যক্ত ভবনে কাজ চলছে আট বছর
যশোরের মনিরামপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর ভবনটিকে প্রায় আট বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও অদ্যাবধি এর সংস্কারকাজ হয়নি। বর্তমানে জরাজীর্ণ এই ভবনে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মৎস্য, যুব উন্নয়ন ও ক্রীড়া সংস্থার ভবনটি ১৯৬৩ সালে নির্মিত হয়। পরে উপজেলা পরিষদ গঠিত হলে স্থানীয় সরকার প্রকৌশল অফিসের জন্য তিনটি, মৎস্য অফিসের তিনটি এবং যুব উন্নয়নের জন্য তিনটি কক্ষ বরাদ্দ করা হয়। নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোনো সংস্কারকাজ না হওয়ায় ২০০৪ সালে কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার বলেন, ইতিপূর্বে এ ভবন সংস্কারের জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘জরাজীর্ণ এ ভবন সংস্কারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’