পরিত্যক্ত ভবনে কার্যক্রম চলছে ১৩ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল কার্যালয় ভবন ১৩ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু কোনো ধরনের সংস্কার ছাড়াই পরিত্যক্ত ওই ভবনে এখনো চলছে পশু চিকিৎসা কার্যক্রম।
পশু হাসপাতাল সূত্র জানায়, ২০০০ সালে অতি পুরোনো, ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী বিবেচনায় সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি বাজার এলাকায় অবস্থিত প্রাণিসম্পদ হাসপাতাল ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু নতুন ভবন নির্মাণ না করায় কিংবা বিকল্প ব্যবস্থা না থাকায় ওই ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনেই এখনো পশু চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একতলা ভবনের ছাদের বেশির ভাগ অংশের পলেস্তরা খসে পড়েছে। দরজা-জানালাগুলো ভাঙা ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কার্যালয়ের আসবাবপত্রের অবস্থাও নাজুক। পশু চিকিৎসার জন্য নির্মিত শেডগুলোর অবস্থাও ভালো নয়। হাসপাতালের সীমানা প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।
এদিকে ওই প্রাণিসম্পদ হাসপাতালে দুজন প্রথম শ্রেণীর কর্মকর্তাসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন।
সূত্র জানায়, ১৯৬৩ সালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি বাজারসংলগ্ন রাজাপুর মৌজায় ফেনী-কাজীরহাট সড়কের পাশে ৬৩ শতক জমির ওপর থানা ভেটেরিনারি ডিসপেনসারি (টিভিডি) গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে কোনো ধরনের উন্নয়ন ও সম্প্রসারণ না করেই সেটিকে সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে রূপান্তর করা হয়।
সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান বলেন, হাসপাতাল ভবনের দুরবস্থার কথা ইতিপূর্বে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে বাধ্য হয়েই পরিত্যক্ত ভবনে কাজ চালিয়ে যেতে হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু তাহের বলেন, সোনাগাজী প্রাণিসম্পদ হাসপাতাল ভবনটি নতুন করে নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে কাজ শুরু হবে।