পরিত্যক্ত ভবনে গলিত লাশ
নারায়ণগঞ্জ শহরের ডাইলপট্টি এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির গলাকাটা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহানূর আলম বলেন, শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় বিআইডব্লিউটিএ অফিসের পাশে অবস্থিত একটি একতলা পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশে পচন ধরেছে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো রঙের প্যান্ট ও শার্ট। পায়ে চামড়ার স্যান্ডেল। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাঁকে হত্যা করা হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, একতলা ওই পরিত্যক্ত ভবনের জমির মালিকানা নিয়ে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরের সঙ্গে ব্যবসায়ী আবু তাহেরের দ্বন্দ্ব রয়েছে। ওই ঘটনায় একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি। পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হচ্ছে।