পরিত্যক্ত ভবনে চলছে তিনটি বিভাগের কাজ
কক্ষসংকটের কারণে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পরিত্যক্ত ও অধিক ঝুঁকিপূর্ণ একটি ভবনে সরকারি তিনটি বিভাগের দৈনন্দিন দাপ্তরিক কাজকর্ম চালাচ্ছেন কর্মকর্তারা।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে উপজেলা প্রতিষ্ঠার পর গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে আট কক্ষবিশিষ্ট একতলা প্রশাসনিক ও আদালত ভবন নির্মাণ করা হয়। উপজেলা পরিষদের কার্যক্রম স্থগিত হলে ভবনটি অব্যবহূত অবস্থায় পড়ে থাকে। পরে ১৯৯৩ সালে উপজেলা পরিষদের সিদ্ধান্তে ওই ভবনটি আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, উপজেলা সেটেলমেন্ট কার্যালয় ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ দেওয়া হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গণপূর্ত বিভাগ ২০০৮ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। সরেজমিনে দেখা গেছে, ভবনের চারদিকের দরজা-জানালা ভাঙা, ছাদের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে। ভবনের দেয়াল ও ছাদে বড় বড় ফাটল। বৃষ্টির পানি থেকে অফিসের নথিপত্র রক্ষায় ছাদের নিচে কালো পলিথিন টানানো হয়েছে। এ ছাড়া ভাঙা দরজা-জানালায় পলিথিন আটকে দেওয়া হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ও ভাঙা দরজা-জানালা দিয়ে কক্ষে পানি পড়ে মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। গত তিন মাসে বিভিন্ন সময়ে অফিসে পলেস্তারা খসে পড়ে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আগৈলঝাড়া ইউএনও দীপংকর বিশ্বাস বলেন, ২০০৮ সালে গণপূর্ত বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। উপজেলা পরিষদের সমন্বয় সভায় একাধিকবার আলোচনা করে ভবনটি সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আরেফুর রহমান জানান, ভবনটি সংস্কারের জন্য প্রয়োজনীয় তহবিল চেয়ে প্রতিবছরই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।