পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। এক বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ অবস্থায় সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে উৎকণ্ঠায় থাকেন অভিভাবকেরা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে দুটি ভবনের একটির অবস্থা খুবই নাজুক। ১৯৯৪ সালে ওই ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির তিনটি কক্ষই ব্যবহার অনুপযোগী। সামনের বারান্দার পিলারগুলোর ঢালাই খসে পড়ে রড বেরিয়ে এসেছে। এ অবস্থার মধ্যেও মাঝের কক্ষটিতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান চলছে। শিক্ষকেরা জানান, ছাদ ও বিম থেকে মাঝেমধ্যেই পলেস্তারা খসে পড়ে।
শিক্ষকেরা জানান, শুধু শ্রেণীকক্ষের সংকট নয়। বিদ্যালয়টিতে খাবার পানি ও শৌচাগারের সংকটও রয়েছে। বিদ্যালয়ের দুটি শৌচাগারই ব্যবহার অনুপযোগী। একমাত্র টিউবঅয়েল দীর্ঘদিন ধরে অকেজো। শিশুদের দিয়ে পাশের একটি বাড়ি থেকে প্রতিদিন সকালে পানি এনে রাখা হয়। যা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পিপাসা মেটে।
দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আবদুর রহিম, মো. সোহেলসহ কয়েকজন বলল, ছাদের রড দেখলে তাদের ভয় লাগে। প্রতিদিন ভয় নিয়ে ক্লাস করতে হয়।
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, ‘বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানদের স্কুলে পাঠিয়ে আমরাও চিন্তার মধ্যে থাকি। কখন না দুর্ঘটনা ঘটে।’ এ অবস্থায় নতুন একটি ভবন নির্মাণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।
প্রধান শিক্ষক মো. সফিক উল্লা প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টিতে ২৬২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। শিক্ষার্থী অনুযায়ী শ্রেণীকক্ষ দরকার কমপক্ষে চারটি। কিন্তু যে ভবনটি ভালো, সেটিতে শ্রেণীকক্ষ মাত্র দুটি। তাই বাধ্য হয়ে এক বছর আগে পরিত্যক্ত হওয়া ভবনের একটি কক্ষে দ্বিতীয় শ্রেণীর পাঠদান করা হয়। তিনি বলেন, জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে তাঁরাও আতঙ্কের মধ্যে থাকেন। ভবনটির দুরবস্থার কথা জানিয়ে একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আবেদন করা হয়েছে। শৌচাগার ও খাবার পানির সংকটের কথাও জানানো হয়েছে। কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুর রব বলেন, কয়েক বছর আগে ওই বিদ্যালয়ে একটি নতুন ভবন হয়েছে। তাই শিগগির সেখানে নতুন ভবন হওয়ার সম্ভাবনা নেই। জরাজীর্ণ ভবনেই ক্লাস চালিয়ে যেতে হবে। তবে, ভবনের প্রয়োজনীয়তার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খাবার পানি ও শৌচাগারের সমস্যা সম্পর্কে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কিছু বলেননি।