
রাজবাড়ীর পাংশা উপজেলার জলিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে চলছে শিশুশিক্ষার্থীদের পাঠদান। বৃষ্টি হলে ভিজে যায় তাদের জামাকাপড়, বইপত্র।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাবুপাড়া ইউনিয়নের জলিলপাড়ায় ১৯৩০ সালে ৬৬ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। ১৯৬৮ সালে পাঁচ কক্ষের আধা পাকা ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালে কালবৈশাখী বিদ্যালয়ের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। পরের বছর প্রশাসনের পক্ষ থেকে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জোড়াতালি দিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়টিতে ২৪৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন পাঁচজন।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের অধিকাংশ দরজা-জানালা ভাঙা। একটি কক্ষের ওপর টিনের চাল নেই। কক্ষটিতে কিছু পুরোনো টিন স্তূপ করে রাখা। সেখান থেকে ভাঙা জানালা দিয়ে আরেকটি কক্ষ দেখা যায়। ওই কক্ষের টিনের চাল এক পাশে প্রায় এক ফুট ফাঁকা। এ ছাড়া টিনের বিভিন্ন অংশে ছিদ্র রয়েছে। ফুটো গলে শিক্ষার্থীদের ওপর দুপুরের রোদ এসে পড়ছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা খাতুন ও নাফিজ খন্দকার বলে, ‘কক্ষের ওপরে ফুটো টিনের চাল। বৃষ্টির দিনে আমাদের জামাকাপড়, বইপত্র ভিজে যায়। আর শীতে আসে ঠান্ডা বাতাস। আমাদের ক্লাস করতে খুব সমস্যা হয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উল ইসলাম বলেন, ‘বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাই পরিত্যক্ত ভবনেই দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশ্বাস পেলেও সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখছি না। চলতি সপ্তাহে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ঢাকায় কাগজপত্র পাঠানো হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বসির উদ্দিন বলেন, ‘বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করার বিষয়টি সত্য। এর মধ্যে ছোটখাটো অনুদান দেওয়া হয়েছে। ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’