নতুন ভবন নির্মাণ না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ভোলা সদর উপজেলার আবদুর রব মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিয়া খাতুন জানান, ১৯২৫ সালে আবদুর রব মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দেড় হাজার। আনুমানিক ৫০ বছর আগে তৈরি বিদ্যালয়ের ভবনটির পলেস্তারা খসে পড়া শুরু হয়েছে বছর দশেক আগে। কয়েকবার ভবনটি সংস্কার করা হয়েছে। কিন্তু গত পাঁচ বছর যাবৎ ভবনের বিভিন্ন অংশে ভাঙনের মাত্রা বৃদ্ধি পেয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি পর্যবেক্ষক দল আসে এবং ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। বিদ্যালয়ে সাতটি শ্রেণীকক্ষের অভাব রয়েছে। নতুন ভবন নির্মাণের আবেদন করেও কোনো লাভ হয়নি। বাধ্য হয়েই এখনো ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে হচ্ছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দোতলা ভবনের প্রতিটি শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা ও ঢালাই খসে পড়েছে। ছাদে ও দেয়ালে বড় বড় ফাটল। এরই মধ্যে যে স্থানে বড় ফাটল সেখান থেকে একটু দূরে বসে ছাত্ররা ক্লাস করছে। এ সময় শিক্ষার্থী খাদিজা আক্তার, ইমা, মায়মুনা, আসিফসহ কয়েকজন জানায়, ক্লাস করার সময় প্রায়ই পলেস্তারা খসে শরীরে পড়ে। বেঞ্চ-টেবিলে ময়লার জন্য বসা যায় না। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানের ভবন নির্মাণে আমাদের কোনো হাত নেই। এটা মন্ত্রণালয়কে জানাতে হবে। আমরা মন্ত্রণালয়ের আদেশে এ বিদ্যালয়টি পরিদর্শন করে একটি প্রকল্প প্রস্তাব ঢাকায় পাঠিয়েছিলাম। কারণ এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটা সংস্কার-অযোগ্য। নতুন করে এ ভবন নির্মাণ করতে হবে। তবে মন্ত্রণালয় বা ঢাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নতুন কোনো আদেশ না পাওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না।’জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভবনটি যে পরিত্যক্ত, এ বিষয়টি আমাকে জানানো হয়নি। আগের জেলা প্রশাসককে জানানো হয়েছে কি না, তা বলতে পারব না। তবে এখন সমস্যা সমাধানে আমি দ্রুত ব্যবস্থা নেব।’