পরিত্যক্ত ভবনে চলছে সাত হাজার শিক্ষার্থীর পাঠদান
বরিশালের গৌরনদী উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১২টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা সত্ত্বেও ওই ভবনগুলোতে প্রায় সাত হাজার শিক্ষার্থীর পাঠদান অব্যাহত রয়েছে।উপজেলার বেজহার, ঢাকাইল, খাঞ্জাপুর, গেরাকুল, উত্তর পিংলাকাঠী, বেজগাতি, মৈস্তারকান্দি, রামসিদ্ধি, বাটাজোর, জয়সুরকাঠী, মেদাকুল, ধানডোবা, পূর্ব হোসনাবাদ, উত্তর হোসনাবাদ, হাপানিয়, কাঁঠালতলী, গেরাকুল ও কটকস্থল—এই ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ও উপজেলা শিক্ষা কমিটি। ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে মাগুরা মাদারীপুর, কমলাপুর, বাদুরতলা, উত্তর কাণ্ডপাশা, বিল্লগ্রাম, নলচিড়া, লক্ষণকাঠী, মহিষা, চন্দ্রহার, বাহাদুরপুর, টরকী ও দক্ষিণ মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এর মধ্যে গত ২৮ এপ্রিল পরিত্যক্ত ঘোষণা করা বেজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিমের পলেস্তারা ও ছাদের একটি অংশ ভেঙে পড়ায় সেটি সিলগালা করা হয়। সরেজমিনে দেখা গেছে, সিলগালা করা ওই ভবন বাদে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা অন্য ভবনগুলোত ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় তাঁরা ওই ভবনগুলোতেই পাঠদান অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির জানান, উপজেলায় ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ও শিক্ষা কমিটির প্রতিনিধিরা সরেজমিনে পরিদর্শন করে অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে পরিত্যক্ত এবং ১২টি বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এই ৩০টি বিদ্যালয়ের ভবনে প্রায় সাত হাজার শিক্ষার্থীকে পাঠদান করানো হয়। গত ১০ এপ্রিল গৌরনদী উপজেলা শিক্ষা কমিটির সভায় ভবনগুলো পাঠদানের অনুপযোগী বলে ঘোষণা করা হয়। নতুন ভবন নির্মাণের সুপারিশ করে ১১ এপ্রিল শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে অবহিত করা হয়। যোগাযোগ করা হলে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, তিনি এখনো এ ধরনের কোনো কাগজপত্র হাতে পাননি। কাগজ হাতে পেলে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।গৌরনদী উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, তাঁরা ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। এর পরও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই ভবনগুলোতে পাঠদান চলছে।