পরিত্যক্ত ভবনে চলছে সাতটি সরকারি দপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিত্যক্ত ঘোষণা করার পরও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সের একটি ভবনে সরকারি সাতটি দপ্তরের কার্যালয় চলছে।
গত ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে উপজেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালার কক্ষের টেবিলের কাচ ভেঙে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে উপজেলা পরিষদের উদ্যোগে দোতলা একটি ভবন নির্মাণ করা হয়। ওই ভবনে বর্তমানে উপজেলার সাতটি দপ্তরের কার্যালয় রয়েছে। কার্যালয়গুলো হলো উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, সমাজেসেবা, বিএডিসি, কৃষি ও মৎস্য কার্যালয়। ছয় মাস আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝঁুকি নিয়ে ওই সাতটি কার্যালয়ের কার্যক্রম ওই ভবনেই অব্যাহত রয়েছে।
পরিত্যক্ত ঘোষণার পরেও ঝঁুকিপূর্ণ ভবনে কেন অফিস করছেন, এই প্রশ্নের জবাবে উপজেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা বলেন, ‘এই ভবনের অন্যান্য কার্যালয় স্থানান্তর করা হয়নি, তাই আমরাও করিনি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বাইরে ভাড়া অনেক বেশি। কর্তৃপক্ষ আমাদের এত টাকা দেবে না। উপজেলা কমপ্লেক্সেও কোনো ভবন ফাঁকা নেই। তাই নোটিশ পাওয়ার পরও ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতে বাধ্য হচ্ছি।’
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. আসাদুজ্জামান বলেন, ‘ছয় মাস আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর আমি নোটিশ দিয়ে তাঁদের অন্যত্র অফিস ভাড়া নিতে বলি।’ ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুধীন কুমার সরকার বলেন, ওই ভবনের যে অবস্থা, তাতে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।