পরিত্যক্ত ভবনে চলছে ১৭৫ শিক্ষার্থীর পড়াশোনা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পানচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। নতুন ভবন না হওয়ায় এখনো ঝুঁকিপূর্ণ ভবনে বসে শিক্ষার্থীরা ক্লাস করছে।
সম্প্রতি চিতোষী (পূর্ব) ইউনিয়নের এ বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, টিনের ছাদ দেওয়া ভবনটির পশ্চিম পাশের দেয়াল পুকুরে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ ভবনে তিনটি কক্ষ রয়েছে। একটি কক্ষে শিক্ষকদের কার্যালয় ও অন্য দুটি কক্ষে ক্লাস হয়। অফিসকক্ষের দরজার নিচের কপাট খুলে গেছে। বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে টিনশেডের দুইটি শ্রেণিকক্ষ রয়েছে। সেগুলোও ঝুঁকিপূর্ণ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে মোট ১৭৫ জন শিক্ষার্থী আছে। ছয়জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন তিনজন।
প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভট্টাচার্য সেদিন ছুটিতে ছিলেন। সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, ২০১৩ সালের প্রথম দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের ভবনটি তখন পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু নতুন ভবন না হওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস এখানে করা হয়। বিদ্যালয়ের পশ্চিম পাশের অংশ যেকোনো সময় পুকুরে ভেঙে পড়তে পারে। শৌচাগারে যাওয়ার জন্য পাশের বাড়ি দিয়ে যেতে হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ভবনটি ভেঙে একটি নতুন ভবন তৈরি করার জন্য একাধিকবার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে ঊর্ধ্বতন দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। জরাজীর্ণ ভবনে অভিভাবকেরা ছাত্রছাত্রীদের পাঠাতে চান না। এ কারণে ছাত্রছাত্রীর সংখ্যাও কমে যাচ্ছে। ফেব্রুয়ারিতে প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ভবনটি মেরামতের জন্য এক লাখ টাকা দেওয়া হয়েছে। এরপর মূল ভবনের মেঝেতে কিছু কাজ হয়েছে। আর কোনো কাজ হয়নি।
পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল হক বলেন, বরাদ্দকৃত টাকা এখনো পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়ার আগেই কিছু কাজ করা হয়েছে। বিল পেলে আরও কাজ করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণার বিষয়টি তাঁর জানা নেই। কোনো সংস্কারের জন্য এখনো বিল দেওয়া হয়নি। বিল দেওয়ার আগে কাজ দেখা হবে।