পরিত্যক্ত ভবনে ছাউনির নিচে চলছে পাঠদান

রামগতি পৌরসভার চরডাক্তার আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদবিহীন পরিত্যক্ত ভবনে সারের খালি বস্তার ছাউনি দিয়ে বানানো হয়েছে শ্রেণিকক্ষ।
বস্তার ছাউনিতে রোদের তাপ ঠেকানো যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে গরমে নাকাল হচ্ছে শিশুরা। আবার বৃষ্টি হলেই পানিতে ভেসে যাচ্ছে শ্রেণিকক্ষ।
এ অবস্থায় নতুন একটি ভবনের অনুমোদন পাওয়া গেলেও প্রশাসনিক নানা জটিলতায় সেটির নির্মাণকাজও শুরু হচ্ছে না।
প্রধান শিক্ষক মহামায়া কুণ্ডু বলেন, নতুন ভবনের জন্য অনুমোদন পাওয়া গেছে। তবে এখনো এর কাজ শুরু হয়নি। শিগগিরই শুরু হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এদিকে পুরোনো ভবনের জায়গাতেই নতুন ভবন করার কথা।
সে ক্ষেত্রে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হলে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বিকল্প ব্যবস্থা রাখতে হবে। কিন্তু বিদ্যালয় চত্বরে বিকল্প ঘর বানানোর মতো জায়গা এবং অর্থ নেই।
শিক্ষক আবরণ চন্দ্র দাস বলেন, দুই বছরের বেশি সময় ধরে এ দুর্ভোগে আছেন তাঁরা। গত বছর তিন শতাধিক শিক্ষার্থী থাকলেও এবার আছে ২৪৪ জন। ভবনের ব্যবস্থা না হলে শিক্ষার্থী আরও কমে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
নতুন ভবন নির্মাণের কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এহছান কনস্ট্রাকশনের প্রতিনিধি আবদুল ওয়ারেছ বলেন, চলতি মাসেই (সেপ্টেম্বর) তিনি কার্যাদেশ পেয়েছেন। তবে নির্মাণকাজের জায়গা বুঝিয়ে না দেওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আজগর আলী বলেন, এলজিইডি থেকে নতুন ভবন নির্মাণের কার্যাদেশের অনুলিপি তাঁর দপ্তরে না পৌঁছায় পুরোনো ভবন নিলামের প্রক্রিয়া শুরু করা যায়নি।