পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের ছাদ, দেয়ালসহ কয়েকটি স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। ছাদ থেকে প্রায়ই খসে পড়ে পলেস্তারা। ভারী বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি পড়ে। এ কারণে পাঠদান সম্ভব হয় না। এ অবস্থা সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে বিদ্যালয়ের একতলা পাকা ভবন নির্মাণ করা হয়। এতে চারটি কক্ষ আছে। এর তিনটি শ্রেণীকক্ষ এবং একটি কার্যালয় হিসেব ব্যবহার করা হয়। বিদ্যালয়টিতে ১৫০ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষকআছেন। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যালয়ের শৌচাগার ও নলকূপও কয়েক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নীরেন্দ্র কুমার ভদ্র বলেন, যেকোনো সময় ভবনটি ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।সহকারী শিক্ষক সুমিত রঞ্জন সরকার বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকেরা ছেলেমেয়েদের এই বিদ্যালয়ে পাঠাতে চান না। তাই শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমশ কমছে। প্রধান শিক্ষক সুকুমার তালুকদার জানান, ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। তাই ভারী বৃষ্টি হলে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। সম্প্রতি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তারা এসে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদ আলী বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’ ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. নূরুল আলম চৌধুরী বলেন, ওই বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।