পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না করায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। জানালাও ভাঙাচোরা। এ পরিস্থিতিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পরও এখানে ঝুঁকি নিয়ে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জালাল হোসেন বলেন, ‘গত ২৯ মে দুপুর ১২টার দিকে ছাদ থেকে পলেস্তারা খসে চিকিৎসা সহকারী ও রোগীদের ওপর পড়ে। এরপর থেকে সংস্কার করা বা ভেতরে রোগী দেখা অসম্ভব হয়ে পড়েছে। বিষয়টি কুমিল্লার সিভিল সার্জনকে জানিয়েছি।’

কুমিল্লার সিভিল সার্জন মজিবুর রহমান বলেন, ‘স্বপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রসহ উপজেলার অন্যান্য উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ ভবনের তালিকা করে দেড় মাস আগে জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বরাদ্দের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না।’

এলাকার কমপক্ষে পাঁচজন বাসিন্দা জানান, স্বপাড়া গ্রামের গিরিশ চন্দ্র, সুনিল চন্দ্র, হরেন্দ্র চন্দ্র, উপেন্দ্র, জগদীশ চন্দ্র, ক্ষিতিশ চন্দ্র ও গিরিশ চন্দ্র দের দান করা ৭৭ শতাংশ জমিতে ১৯৬১ সালে উপস্বাস্থ্য কেন্দ্রের একতলা ভবনটি নির্মিত হয়। ২০০৪ সালে কুমিল্লার স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এরপরও বিকল্প না থাকায় এখানে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচটি কক্ষসহ বারান্দার ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ভেতরের রড বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই এসব কক্ষের ছাদ চুঁইয়ে পানি পড়ে। চিকিৎসা-সরঞ্জামসহ কাগজপত্র নষ্ট হয়ে যায়। দেয়াল ও ছাদের কয়েকটি স্থানে শেওলা পড়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অথচ এ অঞ্চলের লোকজনের চিকিৎসার জন্য কেন্দ্রটি টিকে থাকা খুব জরুরি।

 উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সহকারী দিদার হোসাইন জানান এ উপস্বাস্থ্য কেন্দ্রের নাজুক অবস্থার কথা। একাধিকবার কুমিল্লা সদর হাসপাতালের সহকারী প্রকৌশলীকে (আয়ন-ব্যায়ন) লিখিতভাবে  জানানো হয়েছে। কিন্তু আজও এটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

নয়াকান্দি, দেনারদিয়া, নোয়াদ্দা, চক্রতলা, স্বপাড়া, নৈয়ার ও কয়রাপুর গ্রামের কমপক্ষে ৯ জন বাসিন্দা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এ এলাকা থেকে  প্রায় ১২ কিলোমিটার দূরে। এ কারণে স্বপাড়াসহ অনেক গ্রামের মানুষ এখানে চিকিৎসা নিতে আসে।

উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আসফেকা ঘিনি বলেন, ‘জরাজীর্ণ ভবনের কথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু সাড়া পাচ্ছি না। এখানে চিকিৎসকসহ ছয়টি পদ থাকলেও  ফার্মাসিস্ট, ঝাড়ুদার ও  নিরাপত্তা প্রহরীর পদ দীর্ঘদিন ধরে শূন্য। তা ছাড়া এখানে বিদ্যুতের সংযোগ ও শৌচাগারও নেই।’