পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপরে বিধ্বস্ত ছাদ। খসে পড়ছে ইট-সুরকি। নষ্ট হচ্ছে পরীক্ষার খাতা ও পোশাক। ভয়ে মনোযোগ নষ্ট হলেও উপায় নেই—পরীক্ষা দিতেই হবে। নাটোরের গুরুদাসপুর পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এক হাজার ১৬ জন ছাত্রছাত্রী এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে জেএসসি পরীক্ষা দিচ্ছে। স্কুল সূত্রে জানা গেছে, স্কুলটি ১৯১৭ সালে প্রতিষ্ঠা করা হয়। ১৯৬১ সালে স্কুলের ছয় কক্ষের একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ২০০৫ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফ্যাসিলিটিজ বিভাগ। ধসে পড়ার ভয়ে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস করে পাশের ভবনে। গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ভবনের ছয়টি কক্ষেই চলছে পরীক্ষা। প্রতিটি কক্ষই স্যাঁতসেঁতে। এর মধ্যে ২৪ নম্বর কক্ষের অবস্থা খুবই করুণ। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। ওই কক্ষে ছিল ৩৫ জন পরীক্ষার্থী। কক্ষে দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক বলেন, ‘ভবনটির অবস্থা এতটাই নাজুক যে, এখানে থাকা মানে জীবন বিপন্ন। তার পরও চাকরি বাঁচাতে দায়িত্ব পালন করছি।’ ছাত্রছাত্রীরা জানায়, ছাদ থেকে ইট-সুরকি খুলে পড়ছে। খাতা ও পোশাক নষ্ট হচ্ছে। এমন একটি ভবনে পরীক্ষা কেন্দ্র না করে মাঠে করলেই স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দেওয়া যেত। এতে জীবনের ঝুঁকি থাকত না।অভিভাবক আশরাফ আলী, কফিল প্রাং ও আজির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই স্কুলের ভবনটি পরিত্যক্ত। স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আফসার আলী বলেন, পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা কেন্দ্র না করার জন্য বোর্ডে জানানো হয়েছিল। তার পরও করা হয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে দায়দায়িত্ব কে নেবে?উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা কেন্দ্র না করার জন্য প্রস্তুতি সভায় তিনি আপত্তি জানালেও কমিটি তাঁর কথা শোনেনি। একটা ভুল সিদ্ধান্তের কারণে অনেক প্রাণহানির আশঙ্কা রয়েই গেল। পরীক্ষা কমিটির সভাপতি ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এন এম মঈনুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থী বেশি হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবন জেনেও সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। এটা অনভিপ্রেত। আল্লাহপাক সবাইকে রক্ষা করবেন।’ গুরুদাসপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, বছরের পর বছর ধরে ভবনটি পরিত্যক্ত। ওই ভবনে এত ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়াটা মোটেও নিরাপদ নয়। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে প্রাণহানি ঘটতে পারে।