পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না করায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। পরিত্যক্ত ঘোষণা করার পরও বিকল্প ব্যবস্থা না থাকায় এসব ভবনেই ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৫৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে এসব বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনগুলো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী এক মাস আগে সরেজমিনে পরিদর্শন করে এর মধ্যে ১৫টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করেন। এ সময়ই উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ওই সব ভবনে পাঠদান না করতে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষককের কাছে চিঠি পাঠানো হয়।
উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, এই উপজেলায় অনেক বিদ্যালয়ের ভবনই ঝুঁকিপূর্ণ। এগুলোর মধ্যে ১৫টি বিদ্যালয়ের ভবন অধিক ঝুঁকিপূর্ণ। কোনো অবস্থায় এসব ভবনে ক্লাস নেওয়া ঠিক হবে না। তিনি টিকেরডাঙ্গা, লাহুড়িয়া পশ্চিমপাড়া, লাহুড়িয়া আজিজুর রহমান, হেচলাগাতি, লাহুড়িয়া উচ্চবিদ্যালয়সংলগ্ন, মরিচপাশা, আড়পাড়া, ভাটুদহ, ব্রাহ্মনীনগর, বারইপাড়া, পাংখারচর, কালাচাঁদপুর, আজমপুর, বাটিকাবাড়ী ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এগুলোর মধ্যে শুধু লাহুড়িয়া আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান পাশের মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের কয়েকটি কক্ষে দেওয়া হচ্ছে। অন্য বিদ্যালয়গুলোর পাঠদান ঝুঁকিপূর্ণ ভবনেই দেওয়া হচ্ছে। লাহুড়িয়া আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম শিকদার জানান, পাশের মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
মরিচপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনা আক্তার বলেন, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই ক্লাস নিতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণপদ সরকার জানান, বিকল্প ব্যবস্থায় পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে টিনশেড ঘর করতে দুই লাখ টাকা করে চেয়ে ৭ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।