পরিত্যক্ত ভবনে ঝুঁকিতে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  •  ছাদের পলেস্তারা খসে পড়ছে
  •  খুঁটি ও বিমে ফাটল
  • আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা
বড়লেখা উপজেলার সুফিনগর প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
বড়লেখা উপজেলার সুফিনগর প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

বিদ্যালয় ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। খুঁটি ও বিমে দেখা দিয়েছে ফাটল। বৃষ্টিতে ছাদ চুঁইয়ে পানি পড়ে। এ অবস্থায় ভবনটি যেকোনো সময় ধসে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে লেখাপড়া করছে ১২৫ জন খুদে শিক্ষার্থী। এ দুরবস্থা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৫৯ সালে স্থাপিত হয়। ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ৩ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে তিন কক্ষবিশিষ্ট পাকা ভবন নির্মিত হয়। এখানে ১২৫ জন শিক্ষার্থী এবং প্রধান শিক্ষকসহ দুজন শিক্ষক আছেন।

সরেজমিনে ৯ সেপ্টেম্বর দুপুরে দেখা গেছে, বিদ্যালয় ভবনের তিনটি কক্ষের ছাদের বেশ কিছু জায়গা থেকে পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে আছে। এসব কক্ষের ছাদের বিমে ফাটল সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ছাদ চুঁইয়ে পানি পড়ছে। এ অবস্থায় পাঠদান কার্যক্রম চলছে।
ভবনটির সামনের পাঁচটি খুঁটিতেও ফাটল দেখা দিয়েছে।

পঞ্চম শ্রেণির ছাত্রী মরিয়ম বেগম ও রিয়া জান্নাত এবং চতুর্থ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম বলে, বিদ্যালয়ে আসার পর থেকে বাড়ি ফেরার আগ পর্যন্ত তারা ভয়ে থাকে কখন ছাদ ধসে দুর্ঘটনা ঘটবে।

প্রধান শিক্ষক প্রতাপ রঞ্জন দে নথি বের করে দেখিয়ে বলেন, ২০১৪ সালে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বিদ্যালয় পরিদর্শন আসেন। পরে তিনি বিদ্যালয় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন এবং এটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কার কথা জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি প্রতিবেদন পাঠান।

প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অবস্থা ও শিক্ষক স্বল্পতার কারণে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের এখানে ভর্তি করাতে চান না। আবার অনেক অভিভাবক ভর্তির কিছুদিন পর সন্তানদের আশপাশের অন্য প্রতিষ্ঠানে নিয়ে যান। এ বছরের শুরুতে প্রাক্-প্রাথমিক শ্রেণিতে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হলেও এখন আছে ১৮ জন। এরপরও ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।শিক্ষক স্বল্পতার বিষয়টিও তাঁরা একাধিকবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে তাঁরা বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আশপাশের কোনো বাড়িতে অথবা বিদ্যালয় ভবনের সামনের ফাঁকা জায়গায় অস্থায়ী ঘর নির্মাণ করে সেখানে পাঠদান কার্যক্রম চলবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, কয়েক মাস আগে তিনি এখানে এসেছেন। এখনো সুফিনগর বিদ্যালয়টি এখনো পরিদর্শনের সুযোগ হয়নি। তবে বিদ্যালয়ের ভবনের দুরবস্থা ও শিক্ষক স্বল্পতার কথা তিনি শুনেছেন। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল বলেন, সুফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণের ব্যাপারে প্রাথমিক অনুমোদন পাওয়া গেছে। কিছুদিনের মধ্যেই মাটি পরীক্ষার কাজ শুরু হতে পারে। এরপর নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বান করা হবে।