পরিত্যক্ত ভবনে তিনটি সরকারি কার্যালয়

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত মিলনায়তনে তিনটি সরকারি কার্যালয়ের কাজ চলছে। এসব কার্যালয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন ৬০ জন কর্মকর্তা-কর্মচারী। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলা পরিষদ সূত্র জানায়, ১৯৮৫ সালে উপজেলা চত্বরে মিলনায়তনটি নির্মাণ করা হয়। সংস্কার না করায় দোতলা এ ভবনটির ছাদ ও গ্যালারির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। পর্যায়ক্রমে শৌচাগার, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়ে। ১৯৯৭ সালের ১৭ এপ্রিল সর্বশেষ এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের পর মিলনায়তনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর সেখানে আর কোনো অনুষ্ঠান হয়নি। কিন্তু কয়েক মাস পরে ওই বছরের শেষ দিকেই মিলনায়তনটি মাসিক ৩০০ টাকা ভাড়ায় সরকারের খাদ্য, শিক্ষা ও মৎস্য দপ্তরকে বরাদ্দ দেওয়া হয়। ভবনের নিচতলায় মাধ্যমিক শিক্ষা ও খাদ্য এবং দোতলায় মৎস্য কার্যালয় বসানো হয়। তিনটি কার্যালয় মিলে সেখানে প্রায় ৬০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। এ ছাড়া প্রতিদিন শতাধিক লোক বিভিন্ন প্রয়োজনে এসব কার্যালয়ে যাতায়াত করেন।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী বলেন, নিজস্ব কার্যালয় না থাকায় দপ্তর তিনটিকে ঝুঁকি নিয়েই পরিত্যক্ত মিলনায়তনে কার্যক্রম চালাতে হচ্ছে। চুনকাম করে প্রায় ১৮ বছর ধরে এভাবেই চলছে এসব বিভাগের কাজ। স্বল্প জায়গায় আসবাবপত্রও তেমন রাখা যায় না। ফলে অনেকটা অগোছালোভাবেই রাখতে হয় আসবাব। নিজস্ব গুদাম না থাকায় শিক্ষা অফিসের বইপত্র রাখা হয়েছে মিলনায়তনের দর্শক আসনের ওপর। এতে উইপোকার আক্রমণে অনেক বই নষ্ট হচ্ছে।
মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মিজবাহুল নুর আনোয়ার কবীর বলেন, কিছুদিন আগে বৈদ্যুতিক একটি পাখা ঘোরার সময় ছাদের হুক খুলে নিচে পড়ে যায়। সেই যাত্রায় অল্পের জন্য তিনি বেঁচে গেছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর ছাদের কিছু অংশ এবং দেয়াল সংস্কার করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ভবনের কিছু অংশ মাসিক ৩০০ টাকায় ভাড়া নিয়ে তাঁর দপ্তরের কাজকর্ম চালানো হচ্ছে। ভূমিকম্প হলে সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন তিনি।
সংস্কৃতিকর্মী মাসুম হোসেন বলেন, উপজেলার একমাত্র মিলনায়তনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত হওয়ায় এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানোর স্থান পাওয়া যায় না। তাই দ্রুত এটি ভেঙে নতুন ভবন করা দরকার।
এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, আধুনিক উপজেলা পরিষদ ভবন ও মিলনায়তন নির্মাণ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হলে তখন আর এসব সমস্যা থাকবে না।