জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানা
পরিত্যক্ত ভবনে নষ্ট হচ্ছে ৭০ লাখ টাকার যন্ত্রপাতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার ভবনের দেয়ালে বেশ কয়েকটি বড় ধরনের ফাটলের সৃষ্টি হলে এক বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পর থেকে সেখানে নষ্ট হচ্ছে প্রায় ৭০ লাখ টাকার যন্ত্রপাতি। কারখানার যাবতীয় কাজ করা হচ্ছে বাইরের কারিগরদের দিয়ে। এতে বছরে অতিরিক্ত দুই লাখ টাকা খরচ হচ্ছে প্রশাসনের।
বিজ্ঞান কারখানার কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক ক্লাস ও গবেষণার জন্য ল্যাবরেটরিতে প্রয়োজনীয় ডিস্টিল ওয়াটার একসময় বিজ্ঞান কারখানা থেকেই সরবরাহ করা হতো। কিন্তু ১৯৯৮ সালে ভবনটিতে প্রথম ফাটল দেখা দেয়। প্রায় পাঁচ বছর আগে ভবনের দক্ষিণ-পূর্বাংশে ফাটলের সৃষ্টি হলে ভবনটির ভেতর থেকে ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট সরিয়ে নেওয়া হয়। এর পর থেকে ডিস্টিল ওয়াটার সরবরাহ বন্ধ আছে। সর্বশেষ গত বছরের এপ্রিলের শেষ দিকে ভবনের দেয়ালে কয়েকটি বড় ধরনের ফাটলের সৃষ্টি হলে কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।
সরেজমিনে দেখা যায়, একতলা ভবনটির চারপাশের দেয়ালে বড় বড় ফাটল। ভবনের ছাদের ধস ঠেকাতে বিমগুলোর নিচে লোহার পাইপ দিয়ে আটকে রাখা হয়েছে। ভবনের পেছনের দিকের দেয়াল বাঁশ দিয়ে আটকে রাখা। ফাটলের কারণে ভবনের ছাদ কয়েক ইঞ্চি নিচে নেমে যাওয়ায় জানালা খোলা যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরে লেদ, ওয়েল্ডিং, গ্রাউন্ডিং, শেয়ারিং মেশিনসহ প্রায় ৭০ লাখ টাকার যন্ত্রপাতি পড়ে আছে।
ভবনটিতে ফাটলের কারণে এক বছর ধরে কারখানার প্রায় সব ধরনের কাজ থেমে আছে। বিজ্ঞান কারখানার এক কর্মচারী জানান, লেদ মেশিনে কাজ করলে কম্পনের সৃষ্টি হয়। ভবন ধসে পড়ার আশঙ্কা থাকায় লেদ মেশিনের কাজ বন্ধ আছে প্রায় এক বছর ধরে।
এদিকে পরিত্যক্ত ঘোষণার পর বিজ্ঞান কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে পাশের নির্মাণাধীন ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। বিজ্ঞান কারখানার প্রশাসনিক কাজ সেখানে হলেও সব যন্ত্রপাতি ঝুঁকিপূর্ণ ভবনে থাকায় অনেক কাজই করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা।
অতিরিক্ত অর্থ খরচ: বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রকৌশলী জানান, বিজ্ঞান কারখানার কাজ বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো ও গবেষণাসংশ্লিষ্ট প্রয়োজনীয় কাজ বাইরে থেকে করতে হচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয়কে বছরে প্রায় দুই লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। লেদ মেশিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের গ্যাস ও পানির পাইপ সংযোগের জন্য প্রয়োজনীয় পাইপ কাটার কাজ বন্ধ রয়েছে। এ ধরনের কাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এখন বাইরে থেকে করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন আসবাব ও বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে গেলে ঝালাইয়ের কাজও বাইরে থেকে করতে হচ্ছে।
বিজ্ঞান কারখানার একজন কর্মকর্তা জানান, বিভিন্ন বিভাগের গবেষণাগারের অণুবীক্ষণযন্ত্র অনেক বেশি স্পর্শকাতর এবং তা মেরামত করাও কষ্টসাধ্য। এ ধরনের সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি বাইরে থেকে অনেক বেশি টাকায় মেরামত করতে হচ্ছে। তাও অধিকাংশ সময় দক্ষ কারিগর পাওয়া যায় না। প্রায় পাঁচ বছর আগে বিজ্ঞান কারখানা থেকে ডিস্টিল ওয়াটার সরবরাহ বন্ধ হয়ে গেলে বিভাগগুলোকে অতিরিক্ত টাকা খরচ করে নিজস্ব ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট বসাতে হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের পরিচালক এস এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এক বছর ধরে অচলাবস্থা বিরাজ করায় প্রায় সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড থেমে আছে। তবে বিজ্ঞান কারখানার বিষয়টি আমাদের বিবেচনায় আছে।’
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার কারণেই এত দিন আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’