পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে পুলিশ কর্মকর্তাদের বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল থানার ৪৫ জন পুলিশ সদস্য ঝুঁকিপূর্ণ ভবনে দাপ্তরিক কাজ করছেন। এ ছাড়া বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনে পরিবার-পরিজন নিয়ে বাস করছেন পুলিশ কর্মকর্তারা।উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, থানার কাছাকাছি এলাকায় বাসা ভাড়া পাওয়া যায় না। তাই বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ঘরে পরিবার-পরিজন নিয়ে থাকতে হচ্ছে।থানা সূত্রে জানা গেছে, ১৮৭৪ সালে প্রায় তিন একর জমির ওপর বাউফল থানা কার্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৪২ সালে থানার মূল ভবনটি নির্মাণ করা হয়। এর আগে ১৯৩২ সালে কর্মকর্তাদের আবাসনের জন্য তিনটি আধা পাকা টিনশেডের ঘর তৈরি করা হয়। পটুয়াখালীর গণপূর্ত বিভাগ ওই ঘর তিনটি ২০০৯ সালের ৫ জানুয়ারি বসবাসের অনুপযোগী ঘোষণা করে।সরেজমিনে দেখা গেছে, থানার চারপাশে সীমানাপ্রাচীর নেই। থানার মূল ভবনের ছাদের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে খসে পড়ে লোহার রড বেরিয়ে গেছে, ফাটল ধরেছে ছাদের টাই-ভিমে। থানার ভেতরে নারীদের জন্য হাজতখানা নেই। পুরুষ হাজতখানাটি টিন দিয়ে জোড়াতালি দেওয়া। আবাসিক ভবন তিনটির টিনের ছাউনিতে অসংখ্য ছিদ্র, দেয়ালগুলোতে বড় বড় ফাটল।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কনস্টেবল জানান, থানার চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় রাতের বেলা থানাটি পুরোপুরি অরক্ষিত থাকে। তখন পাহারার দায়িত্ব পালন করা খুবই ঝুঁকিপূর্ণ। থানায় কর্মরত পুলিশের একজন নারী সদস্য জানান, নারী হাজতখানা না থাকায় নারী আসামি গ্রেপ্তারের পর রাত জেগে পাহারা দিতে হয়। এ ছাড়া পুলিশের নারী সদস্যদের জন্য থানার চত্বরে কোনো আবাসিক সুবিধাও নেই।বাউফল থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এখানে পুলিশ কর্মকর্তা ও নারী সদস্যদের কোনো আবাসিক সুবিধা নেই। ভবনের অবস্থাও খারাপ। এর মধ্যেই থানার ৪৫ জন পুলিশ সদস্যকে দাপ্তরিক কাজ করতে হচ্ছে। এ সমস্যাগুলোর কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।পটুয়াখালীর পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ‘এ বিষয়ে সর্বশেষ গত নভেম্বরে লিখিতভাবে পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে। এর আগে বাউফল থানায় নতুন ভবন নির্মাণের জন্য লিখিতভাবে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি।’