পরিত্যক্ত ভবনে পাঁচ কার্যালয়
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পরিত্যক্ত দুটি ভবনে ঝুঁকি নিয়ে পাঁচ কার্যালয়ের কার্যক্রম চলছে। যেকোনো মুহূর্তে ভবনগুলো ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮৫-৮৬ অর্থবছরে উপজেলা সদরে একটি আদালত ভবন তৈরি করা হয়। ১৯৯৩ সালের জুনে উপজেলা আদালত জেলা সদরে স্থানান্তর করা হয়। ওই বছরই ওই ভবনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সাব-রেজিস্ট্রার, সেটেলমেন্ট কার্যালয় ও মহিলা-বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়। ২০০৫ সালের পর এ ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পরে সাব-রেজিস্ট্রার ও সেটেলমেন্ট কার্যালয় থেকে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে ভবনটি সংস্কারে কয়েক দফা চিঠি দেওয়া হয়। এরপরও ভবনটি সংস্কার করা হয়নি।
জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, আশাশুনি সাব-রেজিস্ট্রার ও সেটেলমেন্ট কার্যালয় থেকে ২০১১ সালের ১০ আগস্ট ভবন মেরামতের চিঠি দেওয়া হয়।
সর্বশেষ ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর এক চিঠিতে গণপূর্ত বিভাগ ওই ভবনের সাব-রেজিস্ট্রারের কক্ষসহ ঝুঁকিপূর্ণ কক্ষ ব্যবহার না করতে চিঠি দেয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কক্ষ ব্যবহারে কোনো প্রকার ক্ষতি হলে তার দায়িত্ব সংশ্লিষ্টদের বহন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-২-এর আশাশুনি উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ও জরাজীর্ণ হয়ে পড়েছে। সেখানেও ঝুঁকি নিয়ে কার্যক্রম চলছে।
গত ২৮ অক্টোবর সরেজমিন দেখা যায়, পুরোনো আদালত ভবনে সাব-রেজিস্ট্রার, সেটেলমেন্ট, মহিলা-বিষয়ক অধিদপ্তর ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কার্যক্রম চলছে। এর মধ্যে সাব-রেজিস্ট্রার ও সেটেলমেন্ট কার্যালয়ের কক্ষে গিয়ে দেখা যায়, ছাদে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। পলেস্তারা খসে পড়ছে। রড বের হয়ে আছে। পাউবোর আশাশুনি কার্যালয়ে গিয়েও দেখা যায়, ভবনের ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে।
উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা বলেন, সামান্য বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে। কাগজপত্র নষ্ট হয়ে যায়। প্রশিক্ষণার্থীদের নিয়ে সব সময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। সাব-রেজিস্ট্রার আসাদুল ইসলাম বলেন, ছাদের পলেস্তারা খসে ইতিমধ্যে কয়েকজন আহত হয়েছেন। তিনি ভয়ে এজলাসে বসেন না। পাশের একটি ছোট কক্ষে বসে কোনোরকমে কাজ সারেন। সেটেলমেন্ট কার্যালয়ের পেশকার প্রশান্ত কুমার গাইন বলেন, তাঁদের এখানে কাজের জন্য প্রতিদিন শতাধিক মানুষ আসেন। এখানেও ছাদের পলেস্তারা ঘসে কয়েকজন আহতও হয়েছেন। তাঁরা এখন ভয়ে ভয়ে অফিস করছেন। পাউবোর আশাশুনি উপবিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, বরাদ্দ না থাকায় কোনো সংস্কারকাজ হচ্ছে না। ইতিমধ্যে কার্যালয়সহ সব কটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিশ্রামাগারের একটি কক্ষ ঠিক করে কোনোমতে কাজ চলছে।
সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফ্রান্সিস আশীষ ডি কস্তা বলেন, ভবনটির খুবই নাজুক অবস্থা। ওই ভবন ব্যবহার না করতে সংশ্লিষ্টদের দুই বছর আগে বলা হয়েছে। ইউএনও মমতাজ বেগম বলেন, পুরোনো আদালত ভবন ব্যবহার না করতে ৪ নভেম্বর সংশ্লিষ্ট কার্যালয়প্রধানদের চিঠি দিয়ে জানানো হয়েছে। এর আগে গণপূর্ত বিভাগও ভবনটি ব্যবহার না করতে চিঠি দিয়েছে।