পরিত্যক্ত ভবনে পাঠদান
চার মাস আগে খুলনার দাকোপ উপজেলার ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে নয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো ওই ভবনেই ঝুঁকি নিয়ে ক্লাস করছে। বাকি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বিকল্প স্থানে পাঠদান করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ঝরঝরিয়া বিনাপানি, কুড়েঘাটা, সিংগা, শেখেরট্যাক, লতাবুনিয়া-বাঁশতলা, কুলতলা শিতলাবাড়ি, পিবিএস কদমতলা, সুন্দরবন, আরাজী ডুমুরিয়া, ময়নাপুর, উত্তর বিলপাবলা, কাঁঠালতলা মঠ, শোভনা তরুণ সংঘ, পশ্চিম পাতিবুনিয়া, তালতলা-কুশারহুলা, উত্তর চিংড়া, আমুড়বুনিয়া ও কোড়াকাটা শুকুরমাঝি রেজিস্টার্ড বিদ্যালয় এবং বাদুড়গাছা, সাহস মধ্যপাড়া, মাগুরখালী, কাঞ্চনপুর, খড়িয়া-মির্জাপুর, খোরেরাবাদ, আকড়া ও পশ্চিম বিলপাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করার জন্য সুপারিশ করেন। সে অনুযায়ী গত ২০ মে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে।
পিবিএস কদমতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল বলেন, ‘বিদ্যালয়ের ভবনের ছাদ ও দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বাধ্য হয়ে আমরা পাশেই একটা মন্দিরে কোনো রকমে ক্লাস চালাচ্ছি।’ মাগুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ মন্ডল জানান, ছাদ চুইয়ে কক্ষের ভেতরে পানি পড়ছে, পিলারও ধসে পড়ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় তাঁরা এমন ভবনেই পাঠদান করতে বাধ্য হচ্ছেন।
বাদুড়গাছা প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রণব কান্তি সরদার বলেন, ‘স্কুল ভবনের যা অবস্থা, তা দেখে কোনো বাপ-মার পক্ষে ছেলেমেয়েকে স্কুলি পাঠানো সম্ভব না। তা ছাড়া কোনো সরকারি সহায়তা না পেয়ে আমরা নিজেরাই টাকা দিয়ে পাশে গোলের ঘর বান্দে (তৈরি করে) দিছি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার বলেন, ২৬টি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বিষয় নিয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে। সরকারি একটি প্রকল্প থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। টাকা পেলে ব্যবস্থা নেওয়া হবে।