পরিত্যক্ত ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় লক্ষ্মীপুর সদর উপজেলার পালপাড়া ডিএম উচ্চবিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে চলছে পাঠদানের কার্যক্রম। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া গ্রামে ১৯৬৩ সালে পালপাড়া ডিএম উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সে সময় এলাকাবাসীর উদ্যোগে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। ওই ভবনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, গত কয়েক বছর ওই ভবনের ছাদের পলেস্তারা খসে পড়তে থাকে এবং প্রাচীরে ফাটল দেখা দেয়। কয়েকবার তা মেরামত করা হলেও পরে তা আরও ব্যাপক আকার ধারণ করে। তিন বছর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করে তা পরিত্যক্ত ঘোষণা করেন। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ভবনে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে বাধ্য হচ্ছে।
প্রসঙ্গত, বিদ্যালয়ের দুটি ভবনের মধ্যে একটি পরিত্যক্ত ঘোষণা করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের কার্যালয়, শিক্ষকদের কমন রুম ও তিনটি শ্রেণীকক্ষ রয়েছে।
নবম শ্রেণীর ছাত্রী আমেনা বেগম ও সপ্তম শ্রেণীর উম্মে কুলছুম, ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. রাকিব জানায়, আতঙ্ক নিয়ে তারা ক্লাস করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তাফাজ্জল হোসেন বলেন, নতুন ভবন নির্মাণ না হওয়ায় বাধ্য হয়েই তাঁরা পরিত্যক্ত ভবনে কার্যক্রম চালাচ্ছেন। তিনি জানান, বিদ্যালয়ে বর্তমানে সাত শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিগত এসএসসি ও জেএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। কিন্তু ভবনের কারণে বর্তমানে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের এ বিদ্যালয় থেকে অন্যত্র নিয়ে যাচ্ছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন, একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য তিনি দুই বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থানে ধরনা দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বলেন, যেকোনো মুহূর্তে পরিত্যক্ত ভবনটি ধসে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আবুল কাশেম চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।