
পলেস্তারা খসে পড়ে বেরিয়ে আছে মরচে ধরা রড। প্রায় সময় শিক্ষার্থীদের ওপর পড়ে পলেস্তারার অংশ। ভয়ে ভয়ে ক্লাসে বসে শিক্ষার্থীরা। শিক্ষকেরাও থাকেন আতঙ্কে। এ অবস্থা ফটিকছড়ি উপজেলার এ বি সি উচ্চবিদ্যালয়ের। পরিত্যক্ত দুটি ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এক বছর আগে এসব ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ে তিনটি ভবন রয়েছে। একটিতে ১২, একটিতে ছয় এবং অপরটিতে তিনটি কক্ষ রয়েছে। এর মধ্যে বেশি কক্ষের দুই ভবনের অবস্থাই নাজুক। শ্রেণিকক্ষে বসার পরিবেশ নেই। দেয়ালে ফাটল, ছাদে পলেস্তারা খসে পড়ার চিহ্ন। ভবনের বারান্দার পিলার ও অফিস সহকারীর কক্ষেও ফাটল দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৩ ও ১৯৭০ সালে ওই ভবন দুটি নির্মাণ করা হয়। ফলে কক্ষগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। গত বছরের ৮ মে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশের উপস্থিতিতে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা ভবন দুটি পরিত্যক্ত ঘোষণা করেন। এদিকে অপর তিন কক্ষের ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৬ সালে। দশম শ্রেণির শিক্ষার্থী তানজিনা তৌহিদ বলে, ‘প্রতিদিনই কোনো না কোনো কক্ষে পলেস্তারা খসে পড়ে আহত হচ্ছে শিক্ষার্থীরা। আতঙ্কের মধ্যে ক্লাসে বসি।’ বিজ্ঞানাগারের কক্ষগুলোর অবস্থা বেশি খারাপ। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ বলেন, ‘বিদ্যালয়ের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানদের স্কুলে পাঠিয়ে আমরাও চিন্তার মধ্যে থাকি। কখন না আবার দুর্ঘটনা ঘটে।’ প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, বিদ্যালয়টিতে ৭০৪ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। শিক্ষার্থী অনুযায়ী শ্রেণিকক্ষ দরকার কমপক্ষে ১৮টি। কিন্তু যে ভবনটি ভালো, সেটিতে কক্ষ মাত্র তিনটি। তাই বাধ্য হয়ে এক বছর আগে পরিত্যক্ত হওয়া ভবনের একাধিক কক্ষে বিভিন্ন শ্রেণির পাঠদান করা হয়। তিনি জানান, জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে তাঁরাও আতঙ্কের মধ্যে থাকেন। দুরবস্থার কথা জানিয়ে একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুলচন্দ্র নাথ বলেন, শিগগিরই সেখানে নতুন ভবন হওয়ার সম্ভাবনা নেই। জরাজীর্ণ ভবনেই ক্লাস চালিয়ে যেতে হবে। তবে ভবনের প্রয়োজনীয়তার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।