
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ভবনটি ছয় মাস আগে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রকৌশলীর কার্যালয়। কিন্তু ঝুঁকিপূর্ণ সেই ভবনেই চলছে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে নবাবগঞ্জ পাইলট বিদ্যালয়ে একতলা ভবন নির্মাণ করা হয়। প্রায় চার বছর আগে সেই ভবনের ওপর দ্বিতীয়তলা তোলা হয়। এর আগে ভবনটির সংস্কার করা হয়নি। পুরোনো ভবন বর্ধিত করায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘এ সময়ের মধ্যে ভবনটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকি, কখন যে দুর্ঘটনা ঘটে।’
একাদশ শ্রেণির ছাত্র মো. রুবেল বলে, ‘যতক্ষণ ক্লাসে থাকি, আতঙ্কে থাকি।’
একজন শিক্ষক বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনের নিচতলায় অফিস ও শিক্ষকদের বিশ্রামাগার। ক্লাস শেষে সেখানে অবস্থানকালে আমরা ভয়ে ভয়ে থাকি। কখন যে আমাদের মাথার ওপর ভবনটি হুড়মুড় করে ভেঙে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত শিগগির ভবনটি ভেঙে পুনর্নির্মাণ করা।’
নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুন আক্তার বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। উপজেলা প্রকৌশলী একাধিকবার ভবনটি পরিদর্শনও করেছেন।
উপজেলা প্রকৌশলী মো. শাজাহান বলেন, বিদ্যালয়ের ভবনের পেছনে থানার নতুন ভবন নির্মাণকালে পাইলিং করার সময় বিদ্যালয়টির ভবনের কিছু অংশে ফাটল দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে বিদ্যালয় ভবনটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে সতর্কীকরণ ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, ভবনটি ভেঙে ফেলা ও পুনর্নির্মাণের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।