পরিত্যক্ত ভবনে পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় চ​লছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় চ​লছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে চার বছর আগে। কিন্তু তারপরও পাঠদান থেমে নেই নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, এক তলা বিদ্যালয় ভবনের দরজা-জানালা ভাঙাচোরা। কয়েকটি পিলারের কংক্রিটের ঢালাই খসে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে দেয়ালের আস্তর খসে পড়েছে। এর মধ্যেভবনের বারান্দায় প্রাক্‌-প্রাথমিকের ও ভেতরে অন্য শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবদুল করিম বলল, একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। পানিতে বই-খাতা ভিজে যায়। বসার বেঞ্চ ভিজে গেলে তাদের দাঁড়িয়ে ক্লাস করতে হয়। অনেক সময় খাতায় লেখা যায় না।
শিক্ষক শাহদাত আরা বেগম বলেন, বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ২০১২ সালে। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে হচ্ছে। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁরাও সব সময় ভয়ের মধ্যে থাকেন।
অভিভাবক রহিম উল্লা বলেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকদেরও উদ্বেগের মধ্যে থাকতে হয়। ছেলে-মেয়েরাও শ্রেণিকক্ষে মনযোগী হতে পারে না।
প্রধান শিক্ষক মো. আমিন উল্লা বলেন, তিনি শুনেছেন নতুন ভবন নির্মাণের জন্য শিগগির দরপত্র আহ্বান করা হবে।
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, শিগগিরই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।