পরিত্যক্ত ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রাঙ্গাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের কাজ গত দুই বছর ধরে পড়ে আছে।এদিকে বিদ্যালয়ের পুরোনো একতলা ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সেখানেই ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।গলাচিপা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একতলা ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। ২০০৯ সালে এলজিইডি ভবনটি ঊর্ধ্বমুখে সম্প্রসারণের প্রকল্প হাতে নেয়। ওই বছরই নয় লাখ টাকা ব্যয়ে ভবনটি দ্বিতল করার কাজ শুরু হয়। কিন্তু দোতলার কাজ শুরু করতেই ভবনটির নিচতলার দেয়াল বেঁকে যায় এবং বিভিন্ন অংশে ফাটল ধরে। এই অবস্থায় কর্তৃপক্ষ ভবন সম্প্রসারণের কাজ স্থগিত করে এবং সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু ওই বিদ্যালয়ের আর কোনো একাডেমিক ভবন না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতেই প্রায় ৪০০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চলছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বলেন, ‘ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনটি সম্পর্কে গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান বলেন, ‘এসব বিষয়ে আমাদের তেমন কিছুই করার নেই। আমরা শুধু বিদ্যালয় ভবন নির্মাণের তালিকা উপজেলা প্রকৌশলীর দপ্তরে পাঠিয়ে দিই। তাঁরা ভবন নির্মাণ করেন।’উপজেলা প্রকৌশলী জি এম শাহাবুদ্দিন বলেন, রাঙ্গাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে। সেখানে নতুন প্রকল্প অনুমোদনের জন্য ঢাকায় প্রধান প্রকৌশলীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, এ বছরই নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা যাবে। তবে বিদ্যালয় ভবনটি ঊর্ধ্বমুখে সম্প্রসারণের কাজ শুরু করার আগে সেখানে কাজ করা যাবে কি না, তা যাচাই করা হয়েছিল কি না—এসব জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।