পরিত্যক্ত ভবনে পাঠদান অভিভাবকেরা দুশ্চিন্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদান চলছে পরিত্যক্ত ভবনে। শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন। জেলা শিক্ষা বিভাগ পরিত্যক্ত ভবনে পাঠদানের সত্যতা নিশ্চিত করেছে।গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, সহকারী শিক্ষিকা মনিতা চাকমা বিদ্যালয়ের আধা পাকা পুরাতন ভবনের একটি কক্ষে পাঠদানে ব্যস্ত। তিনি বলেন, অনেক সময় পাঠদানকালে ভবনের দেয়াল থেকে প্লাস্টার খসে পড়ে। ভবনটি সম্পূর্ণ জরাজীর্ণ। বর্ষা শুরু হলে এ ভবনে আর পাঠদান সম্ভব হবে না। কারণ প্রথমত, যেকোনো মুহূর্তে ভবনের দেয়াল ধসে পড়তে পারে। দ্বিতীয়ত, ভবনের ফুটো হয়ে যাওয়া টিনের ছাদ বেয়ে পানি পড়বে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনিময় চাকমা ও বিপ্লব চাকমার সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণীর ২২৪ জন শিক্ষার্থীকে দুই পালায় পাঠদান করা হয়। বিদ্যালয়ের দুটি ভবনের মধ্যে ১৯৬৫ সালে নির্মিত পুরাতন আধা পাকা ভবনে চারটি এবং ২০০৮ সালে নির্মিত পাকা ভবনে রয়েছে দুটি কক্ষ। এর মধ্যে পুরাতন ভবনটি এক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু শ্রেণীকক্ষের অভাবে পরিত্যক্ত ভবনে পাঠদান অব্যাহত রাখতে হয়েছে। শিক্ষকদের কক্ষও ওই একই ভবনে।অভিভাবক চন্দ্র মোহন চাকমা বলেন, ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দুর্ঘটনার আশঙ্কার মধ্যে থাকতে হয়। বৃষ্টির দিন শুরু হলে কী যে হবে ভাবতেই ভয় লাগে।কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা বলেন, রাঙামাটি উপজেলা সদরের একটি পুরাতন বিদ্যালয় হওয়া সত্ত্বেও দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার শিকার। এটা খুবই দুঃখজনক।রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন পরিত্যক্ত ভবনে পাঠদানের কথা নিশ্চিত করে বলেন, শিক্ষা অধিদপ্তর থেকে বরাদ্দ পাওয়া গেলে নতুন ভবন নির্মাণ করা হবে। জেলার প্রাথমিক শিক্ষা বিভাগ পরিচালিত হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে। পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, কিছুদিন আগে পাকা ভবনে কিছু সংস্কারকাজ করা হয়েছে। এ ছাড়া নতুন ভবন নির্মাণের জন্য জাপানের সাহায্য সংস্থা জাইকার সাহায্যপুষ্ট একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।