পরিত্যক্ত ভবনে পাঠদান ঝুঁকিতে শিক্ষার্থীরা

দীর্ঘদিন সংস্কার না করায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের দুটি ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
বিকল্প ব্যবস্থা না থাকায় এক বছর ধরে এসব ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ভবনগুলোর অবস্থা এতটাই খারাপ যে শিগগিরই সংস্কার না করা হলে যেকোনো সময় এগুলো ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার আচার্য বলেন, ভবন দুটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিন্তু কক্ষ-সংকটের কারণে এসব ভবনেই শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। ভবনগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১০০ জন। কলেজে মোট চারটি ভবন রয়েছে। এর মধ্যে তিনটিতে পাঠদান ও একটি কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। যে তিনটি ভবনে পাঠদান করা হয়, সেগুলোর মধ্যে দুটি ১৯৭৩ সালে নির্মাণ করা হয়েছে। এই দুটি ভবনই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিটি ভবনে চারটি করে শ্রেণিকক্ষ রয়েছে। গত বছরের মে মাস থেকে শিক্ষার্থীরা এসব ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে।
সরেজমিনে দেখা গেছে, ভবন দুটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালের বিভিন্ন স্থানে শেওলা ও আগাছা জন্মেছে। এসব ভবনে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ ও দেয়াল চুইয়ে পানি পড়ে। তখন ক্লাস করার মতো অবস্থা থাকে না। তা ছাড়া ক্লাস চলাকালে ঝড়, বৃষ্টি ও ভূমিকম্প হলে শিক্ষার্থীরা আতঙ্কে থাকেন।
কলেজের¯স্নাতক শ্রেণির শিক্ষার্থী রাবেয়া আক্তার ও কুলসুম আক্তার বলেন, পরিত্যক্ত ভবনে ক্লাস করার সময় ঝড় শুরু হলে খুব ভয় লাগে।
কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুজ জাহের বলেন, পরিত্যক্ত ভবনের কারণে শ্রেণিকক্ষে পাখা লাগানো যাচ্ছে না। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা গরমের কারণে কষ্ট পাচ্ছেন। কলেজের ছাত্রাবাসেরও একই অবস্থা।