
ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ১২ বছর আগে। তবে সেই পরিত্যক্ত ভবনেই নৌ-পুলিশের ফাঁড়ি। দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই সেখানে পুলিশ সদস্যরা বাস করছেন। একই সঙ্গে রোদ-বৃষ্টিতে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হওয়ার উপক্রম। এ চিত্র খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের নৌ-পুলিশ ফাঁড়ির।
নৌ-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে দাকোপের তিলডাংগা ইউনিয়নের নৌ পুলিশ ফাঁড়িটি বানিশান্তা ইউনিয়নের আমতলা গ্রামে স্থানান্তর করা হয়। সেখানকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের কয়েকটি কক্ষে ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। তবে নাম অপরিবর্তিত থাকে তিলডাংগা নৌ-পুলিশ ফাঁড়ির। ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০০৪ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পরে ওই স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবনে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সরিয়ে নেওয়া হয়। তবে সেই পরিত্যক্ত ভবনে এখনো চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, ভবনটির বাইরে ও ভেতরের দেয়ালের অনেক স্থানে বড় ফাটল। দরজা-জানালা ভেঙে গেছে। ছাদের পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে গেছে। কক্ষের ভেতর বাঁশের খুঁটি দিয়ে ছাদ ঠেকা দিয়ে রাখা হয়েছে। ভবনটির কোনো সীমানাপ্রাচীরও নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, ‘বৃষ্টি এলে অফিসের কাগজপত্র ও আমাদের বিছানাপত্র পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। ঝড় হলে তো বিপদ বেশি। ভবন ভেঙে পড়ার আশঙ্কায় অনেকেই বাইরে বাঁ পাশের দোকান ঘরে আশ্রয় নেন। ঘরের ভেতর থাকলে সব সময় একটা আতঙ্ক কাজ করে।’
ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ভবনটির এমন বেহাল দশা, সবাই এর ভেতরে ঢুকতেই ভয় পান। পুলিশ সদস্যরা এখানে থাকতে চান না, বদলি হয়ে অন্যত্র চলে যান। বছর খানেক আগে এখানে ২১ জন ছিলেন। বর্তমানে কর্মকর্তাসহ ১৭ জন রয়েছেন। মোংলা সমুদ্রবন্দরের ঠিক পশ্চিম পাড়ে নৌ পুলিশ ফাঁড়িটির অবস্থান।
বানিশান্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুদেব কুমার রায় বলেন, ‘পুলিশ ফাঁড়ির সদস্যরা যে ভবনে থাকেন, সেটির অবস্থা খুবই খারাপ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার নিরাপত্তার কথা চিন্তা করে পরিষদ থেকে ফাঁড়ির জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। বাজেট স্বল্পতায় এর কাজও শেষ হচ্ছে না।’
নৌ-পুলিশের খুলনা জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘তিলডাংগা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দের জন্য দাপ্তরিক কাজ চলছে।’