বরগুনার আমতলী থানার মূল ভবনের দোতলা ও আবাসিক ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মূল ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আবাসিক ভবনগুলোর বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। একই সঙ্গে লোকবল অনুযায়ী নতুন ভবন নির্মাণ না করা এবং পুরোনো ভবনগুলো সংস্কার না করায় আবাসন-সংকটও প্রকট আকার ধারণ করেছে।আমতলী থানা সূত্রে জানা গেছে, ১৯৪৩ সালে থানার মূল ভবনটি নির্মাণ করা হয়। পলেস্তারা খসে পড়ে ভবনটির ছাদের রড বেরিয়ে পড়েছে এবং ফাটলের সৃষ্টি হয়েছে। সিমেন্টের আস্তরণ দিয়ে সেগুলো ঢাকার চেষ্টা করা হলেও বৃষ্টির পানি পড়া থামছে না। ২৫ বছর আগেই এটা ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে গণপূর্ত বিভাগ। সারা দেশের থানাগুলোয় নতুন পরিকল্পনায় আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু আমতলীতে নতুন ভবন নির্মাণ না হওয়ায় বাধ্য হয়েই কার্যালয়, হাজত ও ব্যারাক হাউস হিসেবে মূল ভবনটি ব্যবহার করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, মূল ভবনের দোতলা পুলিশ সদস্যরা ব্যারাক হাউস হিসেবে ব্যবহার করছেন। নিচে স্বল্প পরিসরের থানা কার্যালয়ে চেয়ার ও টেবিল রাখার পর চলাচলের জায়গাও থাকে না। মূল ভবনের দোতলায় বসবাসকারী এক পুলিশ সদস্য বলেন, ‘বৃষ্টি হলেই বালতি ও পাতিল হাতের কাছে যা পাওয়া যায়, তা-ই পেতে অপেক্ষায় বসে থাকি, কখন বৃষ্টি থামবে। আমরা ২৮ জন সদস্য গাদাগাদি করে এখানে বাস করছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ আমতলী থানা সূত্রে জানা গেছে, মূল ভবনের পাশেই চারটি টিনশেড ভবন আছে। ১৯৪৩ সালে নির্মাণ করা এ ভবনগুলো ২০ বছর আগে গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। এগুলোর দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে এবং চালের টিন ফুটো হয়ে গেছে। এখানে অবিবাহিত পুলিশ কর্মকর্তারা বাস করেন।আমতলী থানা সূত্রে জানা গেছে, থানার সীমানার মধ্যে পুলিশ কর্মকর্তাদের জন্য ১৯৯৩ সালে আরও দুটি দোতলা আবাসিক ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে মেরামত না করায় এগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এ ভবন দুটিতে চারটি পরিবার বসবাস করে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ‘এখানে কর্মকর্তা ও কনস্টেবল নিয়ে ৪০ পুলিশ সদস্য কর্মরত আছেন। তাঁদের অধিকাংশের জন্য কোনো আবাসিক সুবিধা দেওয়া যাচ্ছে না। অনেকে থানার বাইরে বাসা ভাড়া করে থাকতে বাধ্য হচ্ছেন। বিশেষ সময়ে থানায় বাড়তি পুলিশ সদস্য এলে তাঁদের থাকার জায়গা দিতে পারি না। বিষয়টি গণপূর্ত বিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি বলেন, ‘আমতলী থানায় নতুন ভবন নির্মাণের জন্য আমরা নির্দেশ পেয়ে মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক কাজ শুরু করেছিলাম। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে আমতলী থানার বরাদ্দ কেটে কাঠালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ কারণে পরে এ থানার ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি।’