
কুষ্টিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) পরিত্যক্ত মীর মশাররফ হোসেন হলের ছাদ থেকে ফ্যান খসে গত রোববার এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষকের নাম তারিকুল ইসলাম। তিনি মিরপুর উপজেলার আটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার আহত শিক্ষকের সহকর্মীরা পিটিআইয়ের সব ক্লাস বর্জন করেন। তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিকেলে জেলা প্রশাসকের কাছে তাঁরা একটি স্মারকলিপি দেন।
প্রশিক্ষণ নেওয়া কয়েকজন শিক্ষক বলেন, কুষ্টিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মীর মশাররফ হোসেন হলটি অনেক পুরোনো। দোতলা ভবনের ছাদে ফাটল দেখা দিয়েছে। প্রায়ই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। দোতলায় হাঁটাচলা করলে মনে হতো ভবন কেঁপে উঠছে। রোববার বিকেলে তারিকুল ইসলাম ভবনের দোতলার একটি কক্ষে নামাজ আদায় করছিলেন। তখন হঠাৎ করে রডের সঙ্গে লাগানো ফ্যানটি তাঁর মাথার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। তারপরও কর্তৃপক্ষ জোর করে সেখানে শিক্ষকদের রেখেছে। প্রতিবাদ করার চেষ্টা করলে প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের নম্বর কম দেওয়া হবে বলে হুমকি দেওয়া হতো। এ বিষয়ে গত ১০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘কুষ্টিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের হল: হাঁটতে গেলে কেঁপে ওঠে ভবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
তারিকুল ইসলামের ছোট ভাই কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মাথার আঘাত গুরুতর। গতকাল সকালে তিনি একবার চোখ মেলেছিলেন। পরে আবার অচেতন হয়ে পড়েন।
এদিকে গতকাল সকাল থেকে শিক্ষকেরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাঁরা ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করেন। তাতে লেখা ছিল, ‘তারেক ভাইয়ের দায়ভার সুপারিনটেনডেন্টকে নিতে হবে।’ তারা জেলা প্রশাসকের কাছে ১২ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন। বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসক জহির রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারি মাসে এলজিইডির একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করে পরিত্যক্ত ঘোষণা করে প্রতিবেদন দেয়। ভবনে কেন শিক্ষকেরা থাকেন, তার দায়ভার পিটিআই কর্তৃপক্ষ বহন করবে।
ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রবীন্দ্রনাথ সরকার বলেন, ‘হল পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। আগে থেকেই মহিলা হোস্টেলের একটি কক্ষে ছেলেরা থাকত। সেখানে আমি আছি।’