পরিত্যক্ত ভবনে সরকারি ছয় দপ্তরের কার্যক্রম
রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি ছয়টি কার্যালয়ের কাজ চলছে একটি ঝুঁকিপূর্ণ ভবনে। ভবনটি সাত বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ভেতরে নির্মিত পুরাতন একটি দ্বিতল ভবনে ১৯৮২ সাল থেকে মৎস্য, খাদ্য, পরিসংখ্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (একাংশ), কৃষি ও হিসাবরক্ষণ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম চলছে। এখানে শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ভবনটিতে ১৩টি কক্ষ আছে। কক্ষগুলোর ছাদের পলেস্তারা খসে পড়েছে এবং দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এসব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা শামস ই তাবরিজ জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করতে হচ্ছে। ঝড় ও বৃষ্টি শুরু হলে ভবন ধসে পড়ার আশঙ্কায় কক্ষ থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়। খাদ্য অধিদপ্তরের কর্মচারী সোহরাব হোসেন জানান, প্রায়ই তাঁর শরীরে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। এ কারণে একদিন তিনি আহতও হয়েছেন। দেয়ালে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে থাকেন। তা ছাড়া বৃষ্টি শুরু হলে ছাদ চুইয়ে কক্ষের ভেতরে পানি পড়ে। এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।উপজেলা কৃষি কার্যালয়ে কাজে আসা উপজেলার মোহনপুর গ্রামের আবদুল লতিফ বলেন, ‘এখানে আসলেই ভয় লাগে। মনে হয় এই বুঝি ছাদ ভেঙে মাথায় পড়বে। তাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ সেরে চলে যাই।’কয়েকজন কর্মকর্তা জানান, ব্যবহারের অনুপযোগী হওয়ায় ২০০৬ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। ওই সময়ই তিনি ছয় কার্যালয়ের কার্যক্রম অন্যত্র চালানোর পরামর্শ দেন। তবে বিকল্প জায়গা না পেয়ে ওই ভবনেই এসব কার্যালয়ের কাজ চালানো হচ্ছে। উপজেলা প্রকৌশলী হোসেন আলী মীর জানান, ভবনটি সাত বছর আগে পরিত্যক্ত ঘোষণা করার পর নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়। এখনো কোনো বরাদ্দ না পাওয়ায় ভবন নির্মাণ করা যাচ্ছে না। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইউএনও সাদেকুল ইসলাম জানান, ভবনটি দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আর শিগগিরই সরকারি কার্যালয়গুলো অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।