পরিত্যক্ত ভবনে ১৪ বছর ধরে চলছে পুলিশ ফাঁড়ি
রাতে মুখের ওপর কাপড় দিয়ে ঘুমাতে হয়, অন্যথায় ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ভরে যায় মুখমণ্ডল। একটু বৃষ্টি হলেই কক্ষে পানি জমে। একমাত্র শৌচাগারটিও ব্যবহারের অনুপযোগী; সেটি বেড়া দিয়ে ঘেরা। একজন ভেতরে গেলে আরেকজনকে বাইরে পাহারায় থাকতে হয়। ভবনটির ছাদে গাছপালা হয়েছে। সারাক্ষণ সাপখোপের ভয়ে থাকতে হয়।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি পরিত্যক্ত ভবনে এভাবেই দিন কাটাচ্ছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার পুলিশ ফাঁড়ির ১৭ জন সদস্য। ১৪ বছর ধরে এখানে তাঁরা অসহনীয় কষ্টে আছেন।পুলিশের একটি সূত্র জানায়, ভাটইয়ে একটি বড় বাজার রয়েছে। তা ছাড়া এই এলাকায় আগে চরমপন্থী দলের দাপটও ছিল খুব বেশি। পুলিশ বিভাগ ১৯৯৮ সালে ভাটই বাজারে পাউবোর একটি পরিত্যক্ত ভবনে এই ফাঁড়ি স্থাপন করে।ফাঁড়িতে গিয়ে দেখা গেছে, ফাঁড়ির ভবনের চারটি কক্ষে বসবাস করছেন পুলিশ ও আনসার সদস্যরা। বাকি একটি কক্ষে চলে দাপ্তরিক কাজ। ফাঁড়ির পুলিশ ও আনসার সদস্যরা জানান, এখানে পুলিশের সদস্য আছেন ছয়জন, আনসারের ১১ জন। তাঁরা জানান, ভবনটির ছাদ থেকে বালু-খোয়া খসে পড়ছে। সম্প্রতি নুরুল ইসলাম নামের এক সদস্যের মাথায় পলেস্তারা খসে পড়লে তিনি আহত হন। গোটা ভবনের ছাদ ও দেয়ালে নোনা ধরেছে। বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই দেয়াল ও ছাদ চুইয়ে পানি এসে কক্ষে জমে। ভবনটি যেকোনো সময়ে ধসে পড়ার আশঙ্কাও করছেন তাঁরা। তবু চাকরির প্রয়োজনে ঝুঁকি নিয়ে তাঁরা এখানে আছেন।ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আরশাদুজ্জামান জানান, এ অবস্থায় কোনো মানুষ বাস করতে পারে না। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম মোল্লা জানান, বিষয়টি আসলেই অমানবিক। কিন্তু ফাঁড়িটি অস্থায়ী হওয়ায় তাঁরা ভবন নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নিতে পারছেন না। তা ছাড়া পাউবোর ভবন হওয়ায় তাঁরা ইচ্ছা করলেই সংস্কার করতে পারেন না।পাউবো ঝিনাইদহের সদ্য বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী বজলুর রশিদ জানান, ব্যবহারের অনুপযোগী ওই পরিত্যক্ত ভবনটি তাঁদের প্রয়োজন না হওয়ায় পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য দিয়েছেন। কেউ সংস্কার করতে চাইলে তাঁদের সঙ্গে আলোচনাসাপেক্ষে তা করতে পারেন।