ফেনীর সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ১৫ বছর আগে। কিন্তু পরিত্যক্ত ওই ভবনে চলছে পশু চিকিৎসা কার্যক্রম।
প্রাণিসম্পদ হাসপাতাল সূত্র জানায়, ২০০০ সালে সোনাগাজীর বক্তারমুন্সি বাজার এলাকায় অবস্থিত প্রাণিসম্পদ হাসপাতালের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এই প্রাণিসম্পদ হাসপাতাল ভবনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ও রয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, একতলা ভবনের ছাদের বেশির ভাগ অংশের পলেস্তারা খসে গেছে। দরজা-জানালাগুলো প্রায় ভাঙা। আসবাবপত্রের অবস্থাও নাজুক। পশু চিকিৎসার জন্য নির্মিত শেডগুলো বেহাল। হাসপাতালের সীমানাপ্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।
১৯৬৩ সালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি বাজারসংলগ্ন রাজাপুর মৌজায় ফেনী-কাজিরহাট সড়কের পাশে ৬৭ শতক জমিতে থানা ভেটেরিনারি ডিসপেনসারি (টিভিডি) হিসেবে এটি গড়ে তোলা হয়। পরে এটিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও হাসপাতালে পরিণত করা হয়।
সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান বলেন, হাসপাতাল ভবনের দুরবস্থার কথা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই তাঁরা পরিত্যক্ত ভবনে কাজ চালিয়ে যাচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু আল মনসুর বলেন, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাসপাতাল ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছিল। কিন্তু সেই প্রক্রিয়া থমকে গেছে। তিনি বলেন, ফেনীতে সবচেয়ে বেশি পশু পালন করা হয় সোনাগাজীতে।
জনবল-সংকট: সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীর পদ আছে ১১টি। কিন্তু তার মধ্যে সাতটি পদই দীর্ঘদিন ধরে শূন্য। এ কারণে হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বি এম সাইফুজ্জামান জানান, উপজেলায় ৭৪টি ব্রয়লারের, ৩১টি লেয়ারের, ৫০টি গাভির, ১৫টি মহিষের, ১৫টি ছাগলের ও ২১টি ভেড়ার নিবন্ধিত খামার আছে। এ ছাড়া আছে আঞ্চলিক হাঁস প্রজননকেন্দ্র। নিবন্ধন ছাড়াও অনেক পশুর খামার আছে। ব্যক্তি পর্যায়ে গবাদিপশু পালন তো আছেই। এ কারণে তাঁদের কাজের চাপ বেশি। কিন্তু জনবল-সংকটের কারণে তাঁদের হিমশিম খেতে হয়।