পরিত্যক্ত ভবনেই শিশুদের ক্লাস!
নীলফামারী জেলা শিশু একাডেমী ভবনের ছাদ যেকোনো মুহূর্তে ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এ রকম আশঙ্কা করছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। ভবনটি সংস্কারের অনুপযোগী হওয়ায় প্রায় ১০ বছর আগেই এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে অবস্থিত শিশু একাডেমী ভবনটি ১৯৬২ সালে বিডি হল হিসেবে নির্মিত হয়। স্বাধীনতা-পরবর্তী হলটির নামকরণ করা হয় কাজী নজরুল ইসলাম হল।প্রথম শ্রেণীর ছাত্রী মাহজাবিন উর্সিতা শিশু একাডেমীতে আর্ট শিখছে। তার অভিভাবক আল রাফিয়া বলেন, ‘আমরা বাচ্চাদের শেখাতে এখানে ভর্তি করেছি। কিন্তু এই ভবনের যে অবস্থা, তাতে সব সময় উৎ কণ্ঠার মধ্যে থাকতে হয়।’ সাড়ে চার বছরের শুভ এখানে প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের ছাত্র। শুভর মা শিউলী বেগম বলেন, ‘আমার বাচ্চা ভাঙা বিল্ডিং দেখে ভয়ে এখানে আসতে চায় না। ছোট বাচ্চাকে তো চাপ দিয়ে আনা যায় না।’ জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মোস্তাক আহম্মেদ বলেন, ‘এটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। কারণ, পুরাতন এই ভবন সংস্কার করতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা আমাদের নেই।’শিশু একাডেমীর হিসাব অনুযায়ী, বর্তমানে এখানে শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিভাগে ৮০ জন শিশু এবং প্রশিক্ষণ বিভাগ—সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি, তবলা ও কম্পিউটারে ৩৯৭ জন ছাত্রছাত্রীসহ প্রায় ৫০০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। নীলফামারী সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল জানান, ঝুঁকিপূর্ণ ওই ভবনে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।