পরিত্যক্ত ভবনেই ২৬ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করিডরের টিনের চালা গেছে উড়ে।  দেয়ালও জীর্ণ, ভাঙাচোরা। এমনি করুণ দশা নিয়ে ধুঁকছে সিলেট এমসি কলেজের ইসলামি ​িশক্ষা বিভাগ l ছবি: প্রথম আলো
করিডরের টিনের চালা গেছে উড়ে। দেয়ালও জীর্ণ, ভাঙাচোরা। এমনি করুণ দশা নিয়ে ধুঁকছে সিলেট এমসি কলেজের ইসলামি ​িশক্ষা বিভাগ l ছবি: প্রথম আলো

সিলেট এমসি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ছে। দরজা-জানালাও ভাঙা। হেলে পড়েছে ভবনের খুঁটি। দেয়াল ও মেঝেতে দেখা দিয়েছে বড় ফাটল। বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে।
ভবনটির এমন ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ২৬ বছর আগেই এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু এর পরও ভবনটিতে শিক্ষা কার্যক্রম চলছে।
কলেজসূত্রে জানা গেছে, ১৮৯২ সালে সিলেট এমসি কলেজ প্রতিষ্ঠিত হয়। সে সময় নির্মিত হয়েছিল সেমিপাকা কয়েকটি ভবন। সেসব ভবনে শুরুতে পদার্থ ও রসায়নবিজ্ঞানের কার্যক্রম চলত। এরপর ১৯৮৮ সাল থেকে সেসব ভবনে বাংলা, ইসলামের ইতিহাস, ইসলামি শিক্ষা ও ইতিহাসসহ একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হয়। তবে পুরোনো হওয়ায় সে সময়ই ভবনগুলো ব্যবহারের অনুপযোগী বলে ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ।
ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ার পরও জায়গার অভাবে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর পাঠদান চলছিল। গত নভেম্বর মাসে কলেজে একটি একাডেমিক ভবন নির্মিত হওয়ার পর সেখানে বাংলা, ইসলামের ইতিহাস, ইতিহাসসহ একাদশ-দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম স্থানান্তর করা হয়। তবে স্থান সংকুলান না হওয়ায় ইসলামি শিক্ষা বিভাগটি জরাজীর্ণ ভবনেই রয়ে যায়। ওই বিভাগের স্নাতকোত্তরের প্রায় দেড় শ শিক্ষার্থী ঝুঁকি নিয়েই সেখানে ক্লাস করছেন।
বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, ক্লাস চলাকালে মাঝেমধ্যেই পলেস্তারা খসে শিক্ষার্থীদের মাথায় পড়ে।
ইসলামি শিক্ষা বিভাগের প্রধান মো. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি হাসপাতালে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন। তবে ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, সব সময় আতঙ্ক নিয়ে শিক্ষকেরা পাঠদান করেন। শিক্ষার্থীরাও সারাক্ষণ ভয়ে থাকেন।
কলেজের উপাধ্যক্ষ মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, ‘স্থান-সংকটের কারণে ইসলামি শিক্ষা বিভাগটি সরানো সম্ভব হয়নি। তবে বিভাগটি দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করছি। ঝুঁকিপূর্ণ ভবনের জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল বিভাগের কাছে আবেদন জানানো হয়েছে।’