পরিত্যক্ত ভবনের ইটের সুরকি ফেলে খাল ভরাট
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার পানিপ্রবাহের একমাত্র কায়ুকখালীয়া খালে পরিত্যক্ত ভবনের ইটের সুরকি ফেলে ভরাটের মাধ্যমে দখলের অভিযোগ পাওয়া গেছে।সরেজমিন দেখা যায়, পৌর এলাকার ব্যস্ততম প্রধান সড়কের কায়ুকখালীয়া সেতুর পশ্চিম পাশে পরিত্যক্ত ভবনের ইটের সুরকি ফেলে খাল ভরাট করে দখল করছেন স্থানীয় বাঁশ ব্যবসায়ী মোহামঞ্চদ আলম। প্রতিদিন রাতের আঁধারে শ্রমিক দিয়ে খাল ভরাট করছেন এবং দিনের বেলায় ভরাট কাজ আড়াল করতে বাঁশ দিয়ে ঢেকে রাখছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালটি ভরাট হয়ে গেলে আসন্ন বর্ষা মৌসুমে সংশ্লিষ্ট পাহাড়ি এলাকার পানির ঢল প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এর ফলে পাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখনি ব্যবস্থা গ্রহণ করতে পৌরসভা ও উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ করা হয়েছে।খালের কয়েকজন মাছ ব্যবসায়ী বলেন, ‘দৈনিক এ খাল দিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের মাছ সরবরাহ করা হয়। যেভাবে দখল-প্রক্রিয়া চলছে, এতে খালের গভীরতা কমে যাবে। তাই নদী ও খাল বাঁচলে দেশ বাঁচবে—এ স্লোগান সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’ পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার অলিয়াবাদ, কলেজপাড়া, ইসলামাবাদ, ধুমপেরাংবিল, নতুনপল্লানপাড়া, কায়ুক-খালীয়াপাড়া, সাইত্যংখিল, পুরান পল্লানপাড়া, চৌধুরীপাড়া, বাজারপাড়া ও চিতাখলা এলাকার পানিনিষ্কাশনের একমাত্র এই খাল। অভিযুক্ত মোহামঞ্চদ আলম বলেন, ‘খালসংলগ্ন এলাকায় আমার কেনা ৩৫ শতক জমি রয়েছে। জমির কিছু অংশ ভাঙনের কবলে পড়ে খালে বিলীন হয়ে গেছে।’ সেটি উদ্ধার করার জন্য পরিত্যক্ত ভবনের ইটের সুরকি (বিল্ডিং ভাঙা গুঁড়া) ফেলা হচ্ছে বলে তিনি দাবি করেন।পৌরসভার সচিব মহিউদ্দিন খাল ভরাটের ঘটনা নিশ্চিত করে বলেন, দখলকারীকে নোটিশ দেওয়া হচ্ছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলার সাধারণ সম্পাদক এ বি এম আবুল হোসেন বলেন, খাল ভরাট বন্ধ করতে সরকার আইন করলেও কোনো ধরনের তোয়াক্কা না করে একজন প্রভাবশালী ব্যক্তি দখল করে যাচ্ছেন। টেকনাফে কায়ুকখালীয়া খালের ঐতিহ্য রক্ষার্থে এখনি তা বন্ধ করা প্রয়োজন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, খাল ভরাট ও দখলের বিরুদ্ধে এলাকাবাসীর একটি অভিযোগ পাওয়া গেছে। তাই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।