পরিত্যক্ত ভবনের ছাদ ধসে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের পরিত্যক্ত ঘোষিত পৌর নয়আনী বাজার ভবনের ছাদের একাংশ ধসে দুই মাংস ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন শহরের চাঁপাতলী এলাকার হাবিব (২০) ও আবদুল মালেক (৪৫)।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় হাবিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌরসভা ও বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পরপরই শেরপুর শহরের নয়আনী বাজারের মাছ-মাংস ও কাঁচা বাজার ভবনটিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ সময় ভবনটির তৃতীয় তলায় অবস্থিত মসজিদ এবং দোতলায় অবস্থিত প্রায় ৩০টি দোকান বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ভবনের নিচতলায় অবস্থিত মাছ-মাংসের অর্ধশতাধিক দোকানের ব্যবসায়ীরা বিকল্প জায়গার ব্যবস্থা না পাওয়ায় বাধ্য হয়ে সেখানেই ব্যবসা করে আসছিলেন। পৌর কর্তৃপক্ষও তাঁদের স্থানান্তর করার উদ্যোগ নেননি।

এমন অবস্থার প্রেক্ষাপটে তিন দিন ধরে চলমান ভারী বর্ষণের ফলে পরিত্যক্ত বাজার ভবনের ছাদের একাংশ আজ দুপুর ১২টার দিকে ধসে পড়ে। এতে মাংস ব্যবসায়ী হাবিব ও মালেক আহত হন। এ সময় আতঙ্কে অন্য ব্যবসায়ী ও ক্রেতারা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। পরে বাজারের দোকানিরা আহত ব্যবসায়ীদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বাজারের মাছ ব্যবসায়ী শফিকুর রহমানসহ আরও কয়েকজন মাছ ও মাংস ব্যবসায়ী জানান, বাজার ভবনটি পরিত্যক্ত ঘোষণার এক বছর পরও পৌর কর্তৃপক্ষ বিকল্প জায়গার ব্যবস্থা না করায় তাঁরা দোকানপাট স্থানান্তর করতে পারছেন না। ফলে তাঁরা ঝুঁকি নিয়েই সেখানে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন।

জানতে চাইলে শেরপুর পৌরসভার মেয়র হুমায়ূন কবীর আজ বিকেলে প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত ঘোষিত ওই ঝুঁকিপূর্ণ ভবনে ব্যবসা-বাণিজ্য না করা এবং দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নানা রকমের প্রচারণা চালানোর পরও অর্ধশত ব্যবসায়ী ওই স্থান থেকে সরে যাননি। তাঁরা আইন না মেনে ব্যবসা করে আসছেন। ফলে দুই মাংস ব্যবসায়ী এমন দুর্ঘটনার শিকার হয়েছেন। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে জানমাল রক্ষার জন্য দুই-তিন দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু করা হবে বলে তিনি জানান।