পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদরের বলাইয়েরচর ইউনিয়নের চরশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দেয়ালধসে মিনাল মিয়া (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মিনাল ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং দোসরা ছনকান্দা গ্রামের দিনমজুর মো. আশরাফ আলীর ছেলে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডি এর অর্থায়নে সম্প্রতি চরশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন দোতলা ভবন নির্মিত হলে বিদ্যালয়ের পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিনা অনুমতিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে গতকাল সকাল থেকে কয়েকজন শ্রমিক পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ করছিলেন।
বেলা দেড়টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী মিনাল পরিত্যক্ত ভবনটির ভাঙা অংশের এক পাশে প্রস্রাব করতে যায়। এ সময় ভবনের একটি দেয়াল মিনালের ওপর ধসে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরীন ফারজানা ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন ঘটনাস্থলে যান। ইউএনও আইরীন ফারজানা বলেন, বিনা অনুমতিতে ভবন ভাঙার কাজ হচ্ছিল। শিক্ষার্থীর পরিবারকে অর্থ-সহায়তা দেওয়া হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল আজিজ বলেন, ভবনটি ভাঙার আগে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি নেওয়া হয়েছিল। ওই ভবনের ইট দিয়ে প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত হয়।